
মাস্টারমাইন্ড জৈশ জঙ্গি কামরান নিহত, দাবি সেনার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর বড় সাফল্য সেনার৷ জৈশ সংগঠনের শীর্ষ জঙ্গি কামরানের গোপন ডেরা উড়িয়ে দিল সেনা৷ তাতেই মারা গিয়েছে পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড কামরান সহ দুই জঙ্গি৷ কামরানকে হত্যা করে পুলওয়ামার ৪০ জন শহিদ সেনার বদলা নিল ভারতীয় জওযানরা৷
সোমবার ভোররাত থেকে সেনা ও জঙ্গির গুলির লড়াই চলছে পুলওয়ামার পিংলা গ্রামে৷ তাতে শহিদ হন এক মেজর সহ ভারতীয় সেনাবাহিনীর তিন জওয়ান৷ সেনার তরফে চলে চিরুনি তল্লাশি৷ এলাকায় লুকিয়ে রয়েছে পুলওয়ামার হামলার মাস্টারমাইন্ড কারমান৷ খবর পাওয়া মাত্র ভারতীয় সেনারা ওই এলাকা ঘিরে ফেলে৷ তাতেই আটকে পড়েছে কারমান সহ তিন জঙ্গি৷ সেনার দাবি, গুলির লড়াইয়ে মারা গিয়েছে কামরান৷
সেনার তরফে দাবি করা হয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ মাসুদ আজহারের ঘনিষ্ঠ এই কামরান৷ মাসুদের ভাইপোর হত্যার বদলা নিতে কামরানকে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর উপর বড় হামলার দায়িত্ব দেওয়া হয়৷ তার নজরদারিতে হয়েছিল বৃহস্পতিবারে হামলা৷ আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারকে প্রশিক্ষণও দিয়েছিল সে৷ তার খোঁজেই মরিয়া ছিল ভারতীয় সেনাবাহিনী৷
গত বৃহস্পতিবারই পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে এই হামলা চালায় পাক জঙ্গি সংগঠন জঙ্গি জৈশ-এ-মহম্মদের এক সদস্য৷ শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান৷ এরপরই উপত্যকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়৷ সিদ্ধান্ত হয় সীমান্তের সব জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেবে ভারত৷ শনিবার রাত থেকেই শুরু হয়েছে সেনাবাহিনীর অ্যাকশন৷



