
জব্দ করা রাশিয়ার অর্থ থেকে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার দেবে জি-৭
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, জি-৭ এর সদস্য দেশগুলো ইউক্রেনকে তহবিল দেওয়ার জন্য ৫০ বিলিয়ন ডলারের চুক্তিতে সম্মত হয়েছে। মূলত রাশিয়ার কাছ থেকে জব্দকৃত সম্পদের সুদ থেকে ইউক্রেনকে ঋণ হিসেবে এ অর্থ দেওয়া হবে। খবর বিবিসি ও রয়টার্স।
বৃহস্পতিবার (১৩ জুন) ইতালির পুগলিতে পশ্চিমা শক্তিশালী সাতটি দেশের রাজনৈতিক জোট জি-৭-এর ৫০তম সম্মেলন শুরু হয়। এ দিনই ইউক্রেনের পক্ষে এমন বার্তা দেন মেলোনি।
খবরে বলা হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে। জি-৭ভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে জব্দ করা রুশ সম্পদের পরিমাণ প্রায় ৩২ হাজার ৫০০ কোটি ডলার। এই বিপুল পরিমাণ সম্পদের সুদ থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনকে ঋণ হিসেবে দেওয়া হচ্ছে।
রাশিয়ার জব্দকৃত অর্থ থেকে ইউক্রেনকে সহায়তা করার এ প্রস্তাব পেশ করেছিল যুক্তরাষ্ট্র। সে বিষয়ে একমত হওয়ার বিষয়ে ইতালিয়ান প্রধানমন্ত্রী বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ ইউক্রেনকে প্রায় ৫০ বিলিয়ন ডলারের অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার রাজনৈতিক চুক্তিতে পৌঁছেছি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রুশ সম্পদ থেকে দেওয়া এসব অর্থ ইউক্রেনকে দ্রুত অস্ত্র প্রদান থেকে শুরু করে দেশটির শক্তি অবকাঠামো পুনর্গঠনে সহায়তা খাতে ব্যবহার করা হবে। একই সঙ্গে বিষয়টি রাশিয়ার জন্য নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, কোনো দেশ অন্য কোনো দেশের জব্দকৃত অর্থ নিজে ব্যবহার করতে পারে না বা অন্যের ব্যবহারের জন্য দিতে পারে না। বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই রাশিয়া প্রতিবাদ জানিয়ে আসছিল। অবশেষে তাদের দাবি উপেক্ষা করেই সেই অর্থ প্রতিপক্ষ ইউক্রেনকে দেওয়ার সিদ্ধান্ত নিল জি ৭ এর সদস্য রাষ্ট্রগুলো। এক্ষেত্রে তারা একটি কৌশল অবলম্বন করেছে। আর সেটি হলো তারা রাশিয়ার কাছ থেকে জব্দ করা সম্পদ ইউক্রেনকে না দিয়ে বরং সেই সম্পদ থেকে প্রাপ্ত সুদ তাদেরকে দিচ্ছে।



