জাতিসংঘপ্রবাস

জাতিসংঘের তিন সংস্থার নির্বাহী বোর্ড সভাপতি হলেন মুহিত

নিউ ইয়র্ক প্রতিনিধি: নতুন বছরে বাংলাদেশের বহুপক্ষীয় কূটনীতির পাল্লায় যুক্ত হল আরেকটি অর্জন; জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সংস্থাটির গুরুত্বপূর্ণ তিনটি অঙ্গসংগঠনের নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

সংস্থাগুলো হল- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও জাতিসংঘ প্রকল্প সেবাসমূহের কার্যালয় (ইউএনওপিএস)।

স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দপ্তরে মুহিতকে নির্বাহী বোর্ডের প্রধান নির্বাচিত করা হয় বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

২০২৪ সালের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। কলাম্বিয়া, জার্মানি, রোমানিয়া এবং ইথিওপিয়ার রাষ্ট্রদূতরা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০৩০ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নে এই তিনটি সংস্থার সুনির্দিষ্ট ম্যান্ডেট রয়েছে। ইউএনডিপি মূলত দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে সদস্য দেশগুলোকে সহায়তা করে থাকে। ইউএনএফপিএ কাজ করে জনসংখ্যা ও পরিবার পরিকল্পনা বিষয়ে। আর শান্তি, উন্নয়ন ও মানবিক বিষয়াবলীর প্রকল্প সংক্রান্ত চূড়ান্ত কাজগুলো সম্পাদন করে ইউএনওপিএস।

“সভাপতি হিসেবে বাংলাদেশ সংস্থাগুলোর এই গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বাস্তবায়নে উল্লেখযোগ্য অবদান রাখার সুযোগ পাবে। পাশাপাশি বাংলাদেশ বোর্ডের অন্যান্য সদস্য এবং এই তিনটি সংস্থার নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পাবে। বিশ্বব্যাপী তাদের কার্যক্রমে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করতে পারবে।”

সভাপতি নির্বাচিত করায় রাষ্ট্রদূত মুহিত বোর্ড সদস্যদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, “বিভিন্ন মহামারী, চলমান মানবিক ও জলবায়ু সংকটজনিত কারণে জাতিসংঘের উন্নয়ন এজেন্ডা বাস্তবায়ন যে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে, তা উত্তরণে ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসকে আরও সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার প্রয়োজন হবে। এই প্রচেষ্টায় নির্বাহী বোর্ড সকল সহযোগিতা প্রদানে প্রস্তুত থাকবে।”

২০২২ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদানের পর থেকে রাষ্ট্রদূত মুহিত জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি, ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি এবং ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএসের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension