প্রধান খবররাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টে কৌশলী জামায়াত!

জাকির হোসেন

 

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট নানামুখী তৎপরতার মাধ্যমে বিএনপিকে নিয়ে নির্বাচন এবং আন্দোলনের ছক কষলেও বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের পাশাপাশি রাজনৈতিক অপশক্তি স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামীকে নিয়েই নির্বাচনের পরিকল্পনা করছে। ফলে জাতীয় জাতীয় ঐক্যেফ্রন্টের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক কাটছে না। প্রতিদিন এ নিয়ে চলছে নানামুখী আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন,  কৌশলে জামায়াতকে নিয়েই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বিএনপি।

বিএনপি ও ঐক্য প্রক্রিয়ার নেতাদের দাবি, স্বাধীনতাবিরোধী জামায়াত জাতীয় ঐক্যফ্রন্টের অংশ নয়। আর ২০ দলীয় জোটের নেতারা বলছেন, ঐক্য প্রক্রিয়ায় এই জোটের প্রতিনিধিত্ব করছে বিএনপি। তাই ঐক্যফ্রন্টে জামায়াত নেই একথা বলার কোন সুযোগ নেই।

বৃহত্তর ঐক্য প্রক্রিয়ার উদ্যোক্তাদের শর্তই ছিল স্বাধীনতাবিরোধী অপশক্তিকে বাদ দিয়ে আন্দোলনের অভিন্ন মঞ্চ তৈরি করা। এ বিষয়ে ড. কামাল হোসেন বলেন, বিএনপি তো বলছে তারা জামায়াত থেকে সরে আসছে। আর জামায়াত এখন কোন রাজনৈতিক দল হিসেবেও নেই।

এই শর্তের কারণেই বৃহত্তর ঐক্য ও বিএনপির মাঝে প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়ায় জোট সঙ্গী জামায়াতে ইসলামী। তারপরও বিএনপিকে নিয়েই গঠন করা হয় জাতীয় ঐক্যফ্রন্ট। ফলে তাতে পরোক্ষভাবে রয়েছে জামায়াতে ইসলামী।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জাতীয় ঐক্যের নামে বিএনপি-জামায়াত দক্ষিণপন্থি জোটকে হালাল করার চেষ্টা করছে। গণতন্ত্র রক্ষার আড়ালে প্রশস্ত করা হচ্ছে ফ্যাসিবাদী শক্তি আগমনের পথ। অথচ গণতন্ত্রকে নির্বিঘ্ন করতে প্রয়োজন সুশাসন প্রতিষ্ঠা এবং সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরোধিতা করা। কিন্তু সব সময় যারা জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসী তৎপরতায় যুক্ত, তাদের নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ভোটের অধিকারকে যেমন রক্ষা করবে না, তেমনি ভাতের অধিকারকেও নয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সরকারবিরোধী ঐক্য নিয়ে সব ভাবভঙ্গি দেখার পরে আবিস্কার হল ড. কামাল হোসেন মাথা নন, বিএনপি-জামায়াতের লেজ। এই মুহূর্তে যে ঐক্যটা হয়েছে সেটা ঐক্য নয়, বিএনপিকে ক্ষমতায় বসানো। আর বিএনপিকে ক্ষমতায় বসানোর মানে হচ্ছে রাজাকার-জঙ্গির কাছে দেশটাকে ইজারা দেওয়া।

তিনি বলেন, রাজাকার, দুর্নীতিবাজ, খুনি, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক চক্রসহ সকল অপরাধীদের একটি জাতীয় ঐক্যের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতৃবৃন্দ। এটি দেশের রাজনীতির ঐক্য না। এটা রাজনীতির জন্য একটা অশনি সঙ্কেত।

ঐক্যফ্রন্টে পরোক্ষভাবেই জামায়াত রয়েছে উল্লেখ করে বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী বলেন, পুরো ঐক্য প্রক্রিয়াটি করা হয়েছে স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে পুনর্বাসিত করা।

তবে, ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, তাদের এই ঐক্য বিএনপির সঙ্গে, ২০ দলের সঙ্গে নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বর্তমান প্রেক্ষাপটে এসব কথা টেনে এনে জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার কোন মানে হয় না। বিএনপি এককভাবে জোটে গেছে। বিশ দলীয় জোট আলাদা, সেটা এখনও আছে ভবিষ্যৎতেও থাকবে।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব জানান, আমাদের ঐক্য বিএনপির সাথে বিশ দলীয় জোটের সাথে নয়। অতএব বিএনপির সাথে কে থাকবে না থাকবে সেটা তাদের ব্যাপার।

নাগরিক ঐক্যর আহবায়ক মাহমুদুর রহমান মান্না জানান, আমরা স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্য করছি না। আমরা বিশ দলীয় জোটের সাথেও ঐক্য করছি না। আমাদের ঐক্য বিএনপির সাথে সুতরাং জামায়াতের সাথে ঐক্যের কোন প্রশ্নই আসে না।

২০ দলের নেতাদের মতে, বড় দল হিসেবে বিএনপিই জোটের প্রতিনিধিত্ব করে। তাই ঐক্য প্রক্রিয়ায় জামায়াতকে বাদ দেয়ার কোন সুযোগ নেই।

এ বিষয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব) অলি আহমেদ বলেন, জামায়াতের পক্ষ থেকে সৌজন্যমূলকভাবে বলতেই পারে, জামায়াতের কারণে যদি কোন সমস্যা হয় তবে আমাদের বাদ দেন। কিন্তু এটা বাদ দেয়া হয় নি, এটাই বাস্তব। কারণ জামায়াত বিশ দলের সবচেয়ে বড় অংশ। বিএনপির সাথে যখন ঐক্য হয়েছে তখন জামায়াত এর সাথে আছে, এতে সন্দেহ পোষণ করার কোন অবকাশ নাই।

ঐক্য প্রক্রিয়ায় জামায়াতকে বাদ দেয়া প্রসঙ্গে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘বিশ দলীয় সকলের প্রতি এবং জামায়াতের প্রতি নিবেদন এই, বিএনপি যা ভালো মনে করে যেন তাই করে। কিন্তু জামায়াতের কারণে ঐক্য হয় নি, একথা যেন না বলেন। এটা যদি আমাদের আলোচনার বিষয় না হয়, তবে এটা আমাদের আলোচনার টেবিলে আসবে কেন।

জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানালেও ২০ দলের ঐক্যকে সুসংহত করার দিকে বেশি মনোযোগী হতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন জোট নেতারা।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এই ফ্রন্টের ঘোষণায় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে সর্বদলীয় গ্রহণযোগ্য সরকার গঠন এবং খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবি করা হয়েছে।

ওইদিন সন্ধ্যা ছয়টার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপি, জেএসডি ও নাগরিক ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। সূচনা বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, এই ঐক্য কোন দলের স্বার্থে নয়। জাতীয় স্বার্থে এই ঐক্য করা হয়েছে। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে ৭ দফা দাবি ও ১১টি লক্ষ্য ঘোষণা করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে জাতীয় ঐক্য গঠনের চেষ্টা চলছিল। আজ সফল হলাম। দেশ এখন দুঃশাসনের মধ্য দিয়ে যাচ্ছে। পেশাজীবীরা অনেক আগে থেকেই এটা উপলব্ধি করে আসছেন। আজ এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ঐক্য প্রক্রিয়ার সফল যাত্রা শুরু হল।’

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension