
জাতীয় দল থেকে বাদ পড়লেন রোনাল্ডো
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফুটবল দুনিয়ায় শোরগোল৷ পর্তুগাল দল থেকে বাদ রোনাল্ডো!
মাথার উপর ঝুলছে ধর্ষণের অপবাদ৷ তার মধ্যেই এবার পর্তুগাল দল থেকে বাদ পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডা৷ অক্টোবরে পোল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচের দলের নাম নেই সিআর সেভেনের৷ পর্তুগাল কোচ স্যান্তোস অবশ্য রোনাল্ডোর জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে মুখে কুলুপ এঁটেছেন৷
জার্মান ম্যাগাজিন spiegel’এ প্রকাশিত খবর অনুয়ায়ী, ২০০৯ সালে লাস ভেগাসের হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়৷ বর্তমানে সেই মহিলা ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন৷
অভিযোগকারিণী মহিলা দাবী করেছেন ধর্ষণের পর মোটা অঙ্কের টাকা দিয়ে তাঁর মুখ বন্ধ করা হয়েছিল৷ নয় বছর আগে আউট অফ দ্য কোর্ট সেই বোঝাপড়া নিয়েই এখন প্রশ্ন তুলে দিয়েছেন মহিলা৷ রোনাল্ডো অবশ্য পুরো ঘটনাই অস্বীকার করে নিজেকে নির্দোষ বলে জানিয়েছেন৷ ঘটনায় দুজনের সম্মতি ছিল বলেই রোনাল্ডোর আইনজীবী বিবৃতি দিয়েছেন৷



