
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন
গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন। স্থানীয় একটি হাসপাতালে তার মৃত্যু হয়। খবর বিবিসি।
এর আগে রাজনৈতিক প্রচারণায় রাস্তার পাশে দাঁড়িয়ে বক্তৃতা দেয়ার সময় অজ্ঞাত বন্দুকধারী তার ওপর গুলি চালায়। স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে সেখানকার একটি হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে ৪১ বছর বয়সী সন্দেহভাজন একজনকে আটক করেছে জাপানের পুলিশ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী আবে শহরের একটি রাস্তায় বক্তৃতা দিচ্ছিলেন। এসময় পিছন থেকে তাকে গুলি করা হয়। দ্রুতই তাকে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়। জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে ধারণা করছে, বন্দুকধারী একজনই ছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত এইনএইচকের একজন রিপোর্টার বলেছেন, আবের বক্তৃতার সময় পরপর দুটি শব্দ শুনতে পান তারা।
অসুস্থতার কারণে ২০২০ সালে পদত্যাগ করার আগে শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।



