ভারত

জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ

বিভেদ ভুলে উন্নয়নশীল বিশ্বের সংকট সমাধানের দিকে নজর দিতে জি-২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘এক গভীর বৈশ্বিক বিভাজনের সময়ে আমরা এ বৈঠকে অংশ নিচ্ছি। আজকে এই কক্ষে যারা উপস্থিত নেই, তাদের প্রতিও আমাদের অনেক দায়িত্ব ও করণীয় রয়েছে।’

বিবিসি জানায়, নয়াদিল্লিতে বৃহস্পতিবার ধনী ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। এতে ইংরেজিতে রেকর্ড করা মোদির উদ্বোধনী ভাষণ সম্প্রচার করা হয়। এতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ না করলেও মোদি স্বীকার করেছেন, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবারের সম্মেলনে প্রভাব ফেলবে।

মোদি বলেন, ‘গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, মহামারি, সন্ত্রাসবাদ এবং যুদ্ধের মতো ঘটনা দেখেছি। এতে একটি বিষয় স্পষ্ট যে, বিশ্বব্যবস্থা ব্যর্থ হয়েছে।’

মোদি আরও বলেন, ‘যেসব সমস্যা আমরা সম্মিলিতভাবে সমাধান করতে পারব না, সেসব সংকট তৈরিই হতে দেয়া যাবে না।’

জি-২০ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে এবার সভাপতিত্ব করছে ভারত। গ্লোবাল সাউথ হিসেবে পরিচিত উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন সংকট তুলে ধরতে চাইছে ভারত। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বিভাজন ভারতকে কঠিন কূটনৈতিক পরীক্ষায় ফেলে দিয়েছে। এই সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ছিন গ্যাং নয়াদিল্লিতে রয়েছেন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থানের বড় ফারাক রয়েছে। এ ছাড়া রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশ চীন ইউক্রেন যুদ্ধের সরাসরি নিন্দা জানায়নি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে ভারতের ওপর চাপ বাড়ছে। ভারত এখনো পর্যন্ত ওই চাপ সামলে যাচ্ছে এবং সরাসরি রাশিয়ার নিন্দা থেকে বিরত থাকার কৌশলে অটল রয়েছে। রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ। এ ছাড়া ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ইউক্রেন যুদ্ধের নিন্দা না জানালেও গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদি বলেছিলেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’

এমন পরিস্থিতিতে চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের সঙ্গে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করে ভারত কীভাবে সম্মেলন সফল করবে, তার দিকে বিশ্বের নজর রয়েছে। ভারতের এক সাবেক কূটনীতিক বিবিসিকে বলেন, ‘ভারতকে এমন বিশেষ কিছু করতে হবে যাতে এই নেতারা যুদ্ধের বিভেদকে উপেক্ষা করতে সক্ষম হন।’

বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ নিয়ে নিরপেক্ষ নীতি বজায় রাখা ভারতকে বিশ্বের অন্যান্য দেশের প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে গেলে খুবই সুচিন্তিতভাবে পদক্ষেপ নিতে হবে।

ভারতের ব্যাঙ্গালুরুতে গত সপ্তাহে জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলন কোনো মতৈক্য ছাড়াই শেষ হয়। ওই সম্মেলনে সমাপনী বিবৃতিতে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ‘কঠোর ভাষায়’ নিন্দা জানানো হলে ওই বিবৃতি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় মস্কো এবং বেইজিং।

এবারের জি-২০ সম্মেলনের জন্য ভারতের স্লোগান হলো, ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।’ বৃহস্পতিবারের অধিবেশনে খাদ্য নিরাপত্তা, উন্নয়ন সহযোগিতা, সন্ত্রাসবাদ এবং মানবিক সহায়তার মতো ইস্যুগুলো আলোচনা হওয়ার কথা।

এদিকে মোদির প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ ছায়া ফেলবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। কারণ সম্মেলনের আগেই জি-২০ নেতাদের কেউ কেউ যুদ্ধ নিয়ে কড়া বক্তব্য দিয়েছেন।

ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্ক এবং নিরাপত্তা কৌশলবিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধি জোসেপ বোরেল সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই এই যুদ্ধের নিন্দা জানানো উচিত। আমি আশা করি, ভারত তাদের কূটনৈতিক ক্ষমতা ব্যবহার করে রাশিয়াকে এটা বোঝাতে পারবে যে, এই যুদ্ধ শেষ করতেই হবে।’

অন্যদিকে গত বুধবার ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বলেন, ‘ইউক্রেন যুদ্ধ এবারের জি-২০ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে। এ ছাড়া খাদ্য, জ্বালানি এবং সার-সম্পর্কিত প্রশ্নগুলোসহ সংঘাতের প্রভাবে আমরা বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছি, তাও আলোচনায় গুরুত্ব পাবে।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension