
জোর ধাক্কা চিনের! ২০ বিলিয়ন ডলারের প্রকল্প বাতিল করল মালয়েশিয়া
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: ২০ বিলিয়ন ডলারের একটি চিনা রেল প্রকল্প বাতিল করল মালয়েশিয়া। মালয়েশিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী সরকারের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, তার দেশ ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কন্সট্রাকশন কোং লিমিটেড (সিসিসিসি)-এর সঙ্গে ২০ বিলিয়ন ডলারের ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল) প্রকল্প বাতিল করবে।
যদিও মালয়েশিয়ার অর্থমন্ত্রী চিনের সবরকম বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। কিন্তু এই প্রকল্পের ব্যয় বিশাল অংকের বলে মনে করেন আজমিনসাহেব। আর সেজন্যে এই প্রকল্প থেকে তাঁর দেশ সরে আসবে বলেই জানিয়েছেন আজমিন আলী।
তিনি বলেন, মন্ত্রিসভা এই প্রকল্প বাতিলের কারণ এটি ব্যয় অনেক বেশি। এই পরিমাণ আর্থিক সক্ষমতা আমাদের নেই। প্রকল্প বাতিলের ফলে কী পরিমাণ অর্থ শোধ করতে হবে সরকার তা বিবেচনা করে দেখছে।
অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলী বলেন, বছরে এই প্রকল্পে শুধু সুদই দিতে হবে ১২০ মিলিয়ন ডলার। আমরা এই ব্যয় বহনে সক্ষম নই। ফলে চিনের সঙ্গে সুসম্পর্ককে ক্ষতিগ্রস্ত না করেই আমাদের এই প্রকল্প থেকে সরে আসা প্রয়োজন। ফলে মালয়শিয়ার মাটিতে বড়সড় ধাক্কা খেল চিন।
প্রসঙ্গত, এমন প্রকল্প বাতিল নতুন কিছু নয়। এর আগেও চিনের অর্থে মাল্টিবিলিয়ন ডলারের একাধিক প্রকল্প বাতিল করে দেয় মালয়েশিয়া। এসব প্রকল্পের ফলে মালয়েশিয়ার উপরে বিশাল লোনের বোঝা পড়বে। আর তা আন্দাজ করেই একাধিক প্রকল্প বাতিল করে দেন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শুধু তাই নয়, এর আগে দুই হাজার কোটি ডলার ব্যয়ে মালয়েশিয়ার মাটিতে তৈরি হওয়া রেলপথ এবং ২৩০ কোটি ডলার ব্যয়ে দুটি জ্বালানি পাইপলাইন নির্মাণের প্রকল্প নিয়ে প্রাথমিকভাবে এগোলেও তাও বাতিল করে দেয় কুয়ালালামপুর। মাহাথির জানান, ‘এখানে অনেক বেশি অর্থ খরচ করা হবে যার সামর্থ্য আমাদের নেই। এছাড়া এই মুহূর্তে মালয়েশিয়ার জন্য এসব প্রকল্পের দরকারও নেই।’
এখন মালয়েশিয়ার প্রধান লক্ষ্য হলো জাতীয় ঋণ কমানো। তিনি বলেন, ‘আমাদের যত ঋণ আছে, সতর্ক না হলে আমরা দেউলিয়া হয়ে যাব।’ ফলে লোন করার আগে এখন আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছে মালয়েশিয়া।



