
ঝোড়ো হাফসেঞ্চুরি যুবরাজের
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক: গ্লোবাল টি-২০ কানাডায় অব্যাহত যুবি ঝড়। যদিও তাতে তাঁর দল টরন্টো ন্যাশনালসের ভাগ্য বদলাল না। যুবরাজ সিংয়ের ধ্বংসাত্মক হাফসেঞ্চুরি সত্বেও ব্রাম্পটন উলভসের কাছে হারতে হলো টরন্টোকে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে ব্যর্থ হয়েছিলেন যুবরাজ। পরের তিনটি ম্যাচে ব্যাট হাতে ক্রিজে ঝড় তোলেন প্রাক্তন ভারতীয় অল-রাউন্ডার। চারটি ম্যাচের মাত্র একটিতে জয়ের মুখ দেখে যুবির নেতৃত্বাধীন টরন্টো দল। বাকি তিনটি ম্যাচই পরাজয়ের শিকার হয় ন্যাশনালস।
প্রথম ম্যাচে ২৭ বলে ১৪ রান করেন যুবরাজ। দ্বিতীয় ম্যাচে ২১ বলে খেলেন ৩৫ রানের আগ্রাসী ইনিংস। তৃতীয় ম্যাচে ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস আসে যুবরাজের ব্যাট থেকে। এবার ব্রাম্পটন উলভসের বিরুদ্ধে ২২ বলে ৫১ রানের আক্ষেপ ইনিংস খেলে ক্রিজ ছাড়েন ভারতীয় তারকা। গোটা ইনিংসে তিনি ৩টি চার ও ৫টি ছক্কা মারেন।
ক্যাপ্টেন বড় রানের ইনিংস খেললেও ব্রাম্পটন এর ৬ উইকেটে ২২২ রানের জবাবে ব্যাট করতে নেমে যুবরাজের দল আটকে যায় ৭ উইকেটে ২১১ রানে। হাই-স্কোরিং ম্যাচে ১১ রানের সংক্ষিপ্ত ব্যবধানে পরাজিত হয় ন্যাশনালস।
উলভসের হয়ে ৩৬ বলে ৬৬ রান করেন মুন্সেই। ১৮ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন বাবর হায়াত। এছাড়া কলিন মুনরো ২৮ ও লেন্ডল সিমন্স ১৯ রান করে আউট হন। শাহিদ আফ্রিদি ৮ বলে ৮ রান করে রান-আউট হয়ে সাজঘরে ফেরেন। গর্ডন, লামিছানে, হেনরিকেস ও যুবরাজ একটি করে উইকেট নেন।
টরন্টোর হয়ে যুবরাজের হাফসেঞ্চুরি ছাড়া হেনরিচ ক্লাসেন ৩৫, ব্রেন্ডন ম্যাককালাম ৩৬ ও মিচেল ম্যাকক্লেনাঘান ১৯ রান করেন। ওয়াহাব রিয়াজ, ইস সোধি ও শাহিদ আফ্রিদি একটি করে উইকেট নিয়েছেন।



