রাজনীতি

টাকার বিনিময়ে বিএনপির কমিটি গঠনের অভিযোগ

রূপসী বাংলা ডেস্ক:অর্থের বিনিময়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির থানা এবং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সংগঠনটির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অর্থের বিনিময়ে কমিটিতে পদ দিয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির একাধিক নেতাকর্মী এমন অভিযোগ করেন। তারা জানান সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে কমিটির নিয়ন্ত্রণ থাকায় তাদের কাছে পরাজিত হচ্ছেন রাজপথ নিয়ন্ত্রণকারীরা। যার কারণে থানা এবং ওয়ার্ড কমিটিতে যোগ্য ও রাজপথের পরীক্ষিত নেতারা বাদ পড়েছেন। আর স্থান পেয়েছেন তাদের পছন্দের লোক।

তারা আরো জানান, নগর বিএনপি উত্তরের সহ-সাধারণ সম্পাদক খন্দকার ইব্রাহিম খলিলকে ভাষাণটেক থানা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। এর আগের কমিটিতেও ইব্রাহিম খলিল থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইব্রাহিম খলিল পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী থাকায় গত ৩ বছর ধরে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নগর বিএনপির এক শীর্ষ নেতা রূপসী বাংলাকে বলেন, নগর বিএনপির উত্তরের থানা এবং ওয়ার্ডের কমিটিগুলো এলোমেলোভাবে করা হয়েছে।  বিএনপির গঠনতন্ত্রে বলা হয়েছে, এক নেতার এক পদ কিন্তু কমিটি গঠনের ক্ষেত্রে এটার সম্পূর্ণ বিপরীত হয়েছে। যিনি মহানগরে থাকবেন, তিনি থানায় থাকতে পারবেন না। কিন্তু নগর বিএনপির কমিটিতে বর্তমান যিনি আছেন, তিনি আবার থানার কমিটিতেও পদ পেয়েছেন।

জানতে চাইলে নগর বিএনপি উত্তরের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুঞ্জুর হোসেন মঞ্জু রূপসী বাংলাকে বলেন, আমি মহানগরের সাংগঠনিক সম্পাদক। কিন্তু কমিটি গঠনের সময় আমার মতামতের কোন তোয়াক্কা করা হয়নি। শুধু আমি না, আরো দু’জন সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককেও কমিটির বিষয়ে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তাই যে যেভাবে পারে, তাদের মন মতো কমিটি গঠন করেছে। শুধু তাই নয়, গাড়ির ড্রাইভার ও গাঁজা আসক্তদের দিয়ে থানা এবং ওয়ার্ড কমিটিগুলো সাজানো হয়েছে।

কমিটি গঠন কারা করেছেন- এ প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক করেছেন। কিন্ত তাদের সঙ্গে আরেক জন সহ-সভাপতি ছিলেন। তিনি টাকা কামানোর জন্য কমিটি গঠনের সময় এসে আবার পরে বিদায় নেন। এমনিতে তিনি কোন কাজ করেন না।

কমিটি গঠন নিয়ে যেসব থানায় নেতাকর্মীদের অভিযোগ

ভাষাণটেক থানা: মহানগর উত্তর বিএনপি সহ-সাধারণ সম্পাদক খন্দকার ইব্রাহিম খলিলকে ভাষাণটেক থানা বিএনপির সাধারণ সম্পাদক করা হয়। এর আগের কমিটিতেও ইব্রাহিম খলিল থানা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ইব্রাহিম খলিল পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী থাকায় গত ৩ বছর ধরে তিনি মালয়েশিয়া অবস্থান করছেন।

কাফরুল থানা: রাজপথে থাকা কোন লোক নিয়ে কাফরুল থানা বিএনপি কমিটি গঠন হয়নি। অভিযোগ উঠেছে, থানা বিএনপি সভাপতি আখতার হোসেন জিল্লু ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য লোকদের পদ দিয়েছেন। এ থানায় ত্যাগী নেতাদের মধ্যে বাদ পড়েছেন মিরানা জামান।

খিলখেত থানা: সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপণ যুবদল নেতা ছিলেন। এম এ কাইয়ুম  ও এস এম জাহাঙ্গীরের পকেটের লোক ছিলেন তারা।

পল্লবী থানা: এ থানায় সভাপতি করা হয় কাউন্সিলর সাজ্জাদ হোসেনকে। এলাকায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি আহসান উল্লাহ হাসানের খুব কাছের লোক এবং আওয়ামী লীগের স্থানীয় জাতীয় সংসদ সদস্যের সাথে তার ওঠা-বসা। এছাড়া সহ-সভাপতি হাজী তৈয়ব আলী আওয়ামী যুবলীগ নেতা কচি সাহেবের লোক এবং তিনি হাউজিং ব্যবসার সাথে জড়িত। সাধারণ সম্পাদক করা হয়েছে বুলবুল আহাম্মেদ মল্লিককে। তিনি চীন থেকে আমদানি রপ্তানীর ব্যবসা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন। তাই তাকে কোন সময় মাঠ পর্যায়ে দেখা যায় না। সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ হাসানের ড্রাইভার ও বডিগার্ড। এই থানায়  ত্যাগী নেতাদের মধ্যে বাদ পড়েছেন মো. বশির উদ্দিন, মাহফুজ হোসাইন খান সুমন, আনোয়ার হোসেন এবং আখতার হোসেনসহ বেশ কয়েকজন।

মিরপুর থানা: সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবুল হোসেন আবদুল। তিনি শারীরিকভাবে খুব অসুস্থ। তাই কোন দলীয় কর্মসূচিতে তার দেখা নেই। নগর বিএনপির উত্তরে সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জুর খুব কাছের লোক তিনি। এছাড়া জি এম মজিবুর রহমানকে সহ-সভাপতি করা হয়েছে। জি-মার্ট শপিং মলের মালিক বহু অংকের টাকার বিনিময়ে থানার সহ-সভাপতির পদ কিনে নিয়েছেন বলে অভিযোগ। মাঠে কোন কর্মসূচিতে নেই এই জি-মার্টের মালিক। মাঠে নেই সাধারণ সম্পাদক ওয়াজ উদ্দিন মিয়াও। আঞ্জুকে টাকা দিয়ে কমিটিতে জায়গা নিয়েছেন তিনি। মিরপুর থানা বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতা ও ১৫০ টিরও বেশি রাজনৈতিক মামলার আসামি দেলোয়ার হোসেন দুলু এবং ৩০টিরও বেশি মামলা রয়েছে হাজী আব্দুল মতিনের। কিন্তু কমিটিতে তাদের স্থান নেই। তাদেরকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।

দারুসসালাম থানা: সাধারণ সম্পাদক করা হয়েছে আরিফ মৃধাকে। অভিযোগ উঠেছে, টাকার বিনিময়ে তিনি পদ কিনেছেন। তিনি কোন কর্মসূচিতেও নেই। হাসান আঞ্জুর কাছের লোক হওয়ায় কমিটিতে স্থান পেয়ে যান তিনি। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে বাবুল মিয়া, হুমায়ন কবির, আব্দুর রহমান খানকে। এই ৩ জনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাদেরকে পদ দেওয়া হয়। ত্যাগী নেতারা এখানে উপেক্ষিত। এস এ খালেকের ছেলে এস এ সিদ্দিক সাজুকে দারুসসালাম বিএনপির সহ-সভাপতি করা হয়েছে। অথচ তিনি ঢাকা-১৪ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। রাজপথের সক্রিয় ত্যাগী নেতা এস এ সিদ্দিক সাজুকে অবমূল্যায়ন করে হাসান আঞ্জু প্রতিহিংসামূলকভাবে তাকে একটি দুর্বল পদে স্থান দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন নেতাকর্মীরা।

রুপনগর থানা: আব্দুল আউয়ালকে সভাপতি ও ইঞ্জিনিয়ার মজিবুল হককে সাধারণ সম্পাদক করে কমিটি দেওয়া হয়েছে। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে তাদের দেখা মেলেনি। আহসান উল্লাহ হাসান সাধারণ সম্পাদক হওয়ার পর তার পিছে-পিছে রাজনীতি করে তারা এই পদ পাওয়া। ইঞ্জিনিয়ার মজিবুল হকের একটি মেরুন রঙের গাড়ি আহসান উল্লাহ হাসানকে ব্যবহার করতে দেওয়া হয়। এই থানার আলমগীর ও হাফিজুর তার বড়িগার্ড় ছিলেন। থানার সক্রির রাজপথের ত্যাগী নেতারা হলেন শেখ হাবিবুর রহমান হাবিব, শাহ আলম মোল্লা, আলী আহম্মেদ রাজু, আশরাফুল ইসলাম এবং আব্দুল মান্নান। এছাড়া এরা অনেক মামলায় আক্রান্ত হয়ে এলাকার বাইরে অবস্থান করছেন। কিন্তু যারা পদ পেয়েছেন তাদের নামে কোন মামলা নেই।

শাহ আলী থানা: এ থানার সাধারণ সম্পাদক হুমায়ন কবির রওশন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ছিলেন। ওই সময়ে ২০১৪-১৫ আন্দোলন সংগ্রামে দলের আন্দোলন কর্মসূচির সময় নেতাদের কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যান তিনি। এখন আবার তিনি মোটা অংকের টাকার বিনিময়ে সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত হয়েছেন। এ থানার সাংগঠনিক সম্পাদক আখতার ও মাইনুল এরাও অর্থের বিনিময়ে এসেছেন।

তুরাগ থানা: এই থানায় সভাপতি আমান মেম্বারকে করা হয়েছে। যিনি সর্বদা আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে রাজনীতি করেন আর সাধারণ সম্পাদক হারুনুর রশিদ খোকা আহসান উল্লাহ হাসানের বডিগার্ড।

উত্তরখান থানা: এম এ কাইয়ুম ও আহসান উল্লাহ হাসান ও এস এম জাহাঙ্গীরের পকেটের লোক আহসান হাবীবকে সভাপতি ও জাহাঙ্গীর বেপারীকে সাধারণ সম্পাদক করা হয়। কিন্তু এরা মাঠে নেই। এই থানায় মাঠে সক্রিয় রাজনীতি করছেন মমতাজ উদ্দিন ও সফুরদ্দিন মৃধা।

দক্ষিণখান থানা: অভিযোগ উঠেছে এ থানায় সাহাবুদ্দিন সাগরকে সভাপতি করা হয় বড় অংকের লেনদেনের মাধ্যমে। সাবেক সভাপতি ইসমাইল হোসেনকে বাদ দেওয়া হয়। ইসমাইল হোসেন একজন ত্যাগী নেতা।

এ বিষয়ে জানতে চাইলে নগর বিএনপি উত্তরের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ মিষ্টি রূপসী বাংলাকে বলেন, নগর বিএনপির উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান আমাদের বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আছে যে- যারা মহানগরের কমিটিতে আছেন তাদেরকে থানা কমিটিতে দেওয়া হবে না। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ থাকার পরেও কেনো ‘যারা মহানগরের কমিটি আছেন তাদের আবার থানা কমিটিতে পদ দেওয়া হয়েছে’ এটা করা হলো? নগর বিএনপির থানা এবং ওয়ার্ডের কমিটি গঠনের সময়  সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কোন মতামত নেননি বলেও অভিযোগ করেন মিষ্টি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ২০১৭ সালে ঢাকা মহানগর বিএনপিকে উত্তর ও দক্ষিণ—এই দুই ভাগে ভাগ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। হাবিব-উন-নবী খান সোহেলকে সভাপতি এবং কাজী আবুল বাশারকে সাধারণ সম্পাদক দক্ষিণের হিসেবে মনোনীত করা হয়। এছাড়া ঢাকা মহানগর উত্তরের সভাপতি মনোনীত করা হয় আবদুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক আহসানউল্লাহ হাসান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension