খেলা

‘টেস্ট যুদ্ধ’ শুরুর আগে কী বললেন কোহলি

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া বাইশ গজের যুদ্ধে মেগাস্টার তিনি৷ স্বাভাবিকভাবেই তাঁকে ঘিরেই তৈরি হয় আবহ৷ ক্যামেরার লেন্স তাক করে থাকে তাঁর দিকেই৷ তিনি বিরাট প্রেম কোহলি৷ ডন ব্র্যাডম্যানের হোম গ্রাউন্ড অ্যাডিলেড ওভাল ভীষণ প্রিয় ভারত অধিনায়কের৷

বিরাটের প্রিয় ওভালেই চার টেস্টের সিরিজ শুরু করছে ভারত৷ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রাক্ সাংবাদিক বৈঠকে তাঁর অ্যাডিলেড প্রেম ব্যক্ত করলেন ক্যাপ্টেন কোহলি৷ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান বলেন, ‘এই শহর এবং মাঠ আমার অত্যন্ত প্রিয়৷ এই শহরকে ভীষণ উপভোগ করি৷ জানি না কীসের সম্পর্ক, তবে এক অন্য অনুভূতি হয়৷ তার মানে এই নয় যে, সব সময় এই মাঠে আমার পারফরম্যান্স দারুণ হবে৷ কিন্তু বিশ্বের অন্য জায়গার সঙ্গে অ্যাডিলেডে আমি পার্থক্য খুঁজে পাই৷’

ভারতের পর অ্যাডিলেড যে তাঁর প্রিয় মাঠ জানাতে ভোলেননি বিরাট৷ তিনি বলেন, ‘প্রত্যেক ক্রিকেটারের মতো দেশের মাঠ ছাড়া ফেভারিট গ্রাউন্ড রয়েছে৷ অ্যাডিলেড আমার কাছে স্পেশাল, কারণ অস্ট্রেলিয়ার মাটিতে আমার প্রথম টেস্ট সেঞ্চুরিটা এসেছিল এখানেই৷ তখন থেকেই আমার সঙ্গে কানেকশন শুরু হয়৷ এই স্টেডিয়ামে ক্রিকেট খেলার জন্য দারুণ জায়গা৷ পিচ খুব ভালো৷’ ২০১৪-১৫ মরশুমে শেষবার ভারতের অস্ট্রেলিয়ার সফরে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট৷ চার টেস্টের সিরিজে চারটি সেঞ্চুরি-সহ ৬৯২ রান এসেছিল কোহলির ব্যাট থেকে৷

অ্যাডিলেডে মাইলস্টোনের সামনে বিরাট৷ মাত্র ৮ রান করলেই অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন কোহলি৷ ৮টি টেস্টে এখনও পর্যন্ত ৯৯২ রান করেছেন বিরাট৷ এটি বিরাটের তৃতীয় অস্ট্রেলিয়া সফর৷ ২০১২ ও ২০১৪ দু’বার চারটি করে আটটি টেস্ট খেলেছেন দিল্লির এই ডানহাতি ব্যাটসম্যান৷ করেছেন ৫টি সেঞ্চুরি৷ গড় ৬২৷ শেষবার অর্থাৎ ২০১৪-১৫ মরশুমে চারটি সেঞ্চুরি এসেছিল বিরাটের ব্যাট থেকে৷ অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সর্বোচ্চ টেস্ট স্কোর ১৬৯৷

এখনও পর্যন্ত তিন ভারতীয় ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে হাজার রানের মাইলস্টোন টপকেছেন৷ কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ঝুলিতে রয়েছে ১৮০৯ রান৷ ধ্রুপদি ভিভিএস লক্ষ্ণণ করেছেন ১২৩৬ রান৷ আর স্টাইলিশ রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে এসেছে ১১৪৩ রান৷ আর মাত্র ৮ রান করলেই ভারতের তিন মহান ব্যাটসম্যানের সঙ্গে এক হাজারের ক্লাবে ঢুকে পড়বেন বিরাট৷ এছাড়াও আরও একটি মাইলস্টোনের হাতছানি রয়েছে কোহলির সামনে৷

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্য সর্বাধিক টেস্ট সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র দু’টি শতরান দূরে কোহলি৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ৬টি টেস্ট শতরান রয়েছে সচিনের৷ আর বিরাটের রয়েছে পাঁচটি৷ সুতরাং একটি সেঞ্চুরি করলেই লিটল মাস্টারকে ছুঁয়ে ফেলেবেন ভারত অধিনায়ক৷ গত সফরেই সুনীল গাভাসকরকে পাঁচটি সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন বিরাট৷

বিরাটের ব্যক্তিগত মাইলস্টোন ছাড়াও দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে ব্যর্থতা ছেড়ে সাফলের সরণিতে হাঁটতে চায় বিরাটবাহিনী৷ স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার নির্বাসনে থাকায় অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ৭০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর এটাই ভারতের সামনে সেরা সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ কোহলি অবশ্য টিম পেইনের দলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷ বিরাট বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, ঘরের মাঠে অস্ট্রেলিয়া দল সব সময় কঠিন প্রতিপক্ষ৷ আশা করব সিরিজে লড়াই হবে৷ আমরা আগের সফরের ব্যর্থতা ভুলে মাঠে নামতে প্রস্তুত৷’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension