
ট্রাম্পের ভাগ্যেও কুখ্যাত ফুলটন কারাগার
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (৭০) ভাগ্যেও জুটতে পারে কুখ্যাত ফুলটন কাউন্টি কারাগার। থাকতে হতে পারে কয়েক ঘণ্টা। আত্মসমর্পণের আগ থেকে শুনানি শুরুর আগ পর্যন্ত।
এটি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার রাইস স্ট্রিটে অবস্থিত। কাউন্টির পুলিশ শেরিফ প্যাট ল্যাবাট মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। ট্রাম্পসহ অন্য অপরাধীদের কোথায় রাখা হবে আর আসামি হিসাবে ট্রাম্পের প্রক্রিয়া কী হবে সেসব প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে জেলা অ্যাটর্নি অফিস ও প্রিসাইডিং জজের কাছ থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে আশা করা হচ্ছে, অভিযুক্ত ১৯ আসামির নাম রাইস স্ট্রিট জেলে দায়ের করা হবে।’ তবে পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলেও সম্ভাবনা প্রকাশ করেছেন তিনি।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পালটে দেওয়ার চেষ্টার অভিযোগে করা মামলায় আগামী ২৫ আগস্ট ট্রাম্পকে অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, কোনো আসামি গ্রেফতার হলে জামিন না হওয়া পর্যন্ত শুনানির জন্য তাদের কারাগারে কাটাতে হয়। এই আইন অনুসরণ করেই তাকে কাউন্টি জেলে রাখার সম্ভাবনার কথা প্রকাশ করেছেন ল্যাবাট।
চলতি মাসের শুরুতে ল্যাবাট সিএনএনকে জানিয়েছিলেন, অভিযুক্ত অন্য আসামিদের মতো ট্রাম্পের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হবে। বলেন, ‘যদি কেউ আমাকে অন্যভাবে না বলে তাহলে ট্রাম্পের ক্ষেত্রেও আমরা স্বাভাবিক প্রক্রিয়া অনুশীলন করব।’
বর্তমানে ট্রাম্প চারটি পৃথক অভিযোগে মোট ৯১টি চার্জের মুখোমুখি। তবে বরাবরের মতোই এসব অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছেন তিনি।
ভাঙা যন্ত্রপাতি, নোংরা হল, আবর্জনার স্তূপ আর বিভিন্ন রোগের আবাসস্থল আটলান্টার রাইস স্ট্রিটের এই ফুলটন কাউন্টি কারাগার। ১৯৮৫ সালে এটি প্রথম নির্মাণ করা হয়। এমনকি এটি ভেঙে ফেলা প্রয়োজন বলেও পরামর্শ দিয়েছেন অনেকে।
নির্মাণের পর থেকেই এখানে উপচে পড়া ভিড় ছিল বলে জানায় জর্জিয়ার এসিএলইউ-এর ফ্যালন ম্যাকক্লুর।
সাউদার্ন সেন্টার ফর হিউম্যান রাইটস জানায়, কারাগারে রয়েছে কোভিড-১৯, উকুন ও স্ক্যাবিসের প্রাদুর্ভাব। এমনকি ভবনটি ‘জীর্ণ ও দ্রুত ক্ষয়প্রাপ্ত’ বলে নিজেই জানিয়েছে ফুলটন কাউন্টি শেরিফ অফিস।



