
ড. কামালের ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের ঐক্যঃ মেনন
জাকির হোসেন, রূপসী বাংলা ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ড. কামালের নেতৃত্বে এক এগারোর কুশিলব আর বিএনপি-জামাতি ও বামাতিরা আবার এক হয়েছে। তারা সরকার পতনের আল্টিমেটামও দিয়েছে। এই ঐক্য হচ্ছে ষড়যন্ত্রের ঐক্য। আরেকটি এক-এগারো সৃষ্টি করার জন্যই ক্ষেত্র প্রস্তুত করতে তৎপরতা হচ্ছে।
তিনি বলেন, এক এগারোতে যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে চূড়ান্তভাবে প্রতিবন্ধকতা করেছিল তারা যখন গণতন্ত্র মতপ্রকাশের স্বাধীনতার কথা বলেন তখন বুঝে নিতে হয় ‘ডাল মে কুচ কালা হ্যায়’। সুতরাং এই ঐক্যকে প্রত্যাখ্যান করতে হবে।
গতকাল রোববার বিকেলে বরিশালের বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির কর্মীসমাবেশে তিনি এসব কথা বলেন।
মেনন বলেন, বাংলাদেশের জনগণকে এত বোকা ভাববেন না। তারা তাদের অতীত অভিজ্ঞতা থেকেই এই উত্তর-দক্ষিণের ঐক্যের আন্দোলন তো বটেই, নির্বাচনসহ সবক্ষেত্রেই প্রত্যাখান করবে। তার পরও আমরা তাদের নির্বাচনে আহ্বান করছি। জনগণই নির্ধারণ করবে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। নির্বাচনকে বানচাল করার যে কোন চক্রান্ত জনগণ বানচাল করে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সংবিধানের ধারাকে সমুন্নত রাখবে।
তিনি ঐক্যের নেতাদের খালেদা জিয়াসহ অন্য বন্দি মুক্তির প্রসঙ্গে বলেন, এর মধ্য দিয়ে তারা দুর্নীতিবাজ এবং যুদ্ধাপরাধী সমস্ত ব্যক্তিদের তাদেরকে মুক্ত করে আবার রাজনীতির সমাজে পুনর্বাসিত করতে চাচ্ছে। একুশে আগস্টকে যারা সংগঠিত করেছিল তাদেরকে তারা রক্ষা করতে সক্ষম হয়েছিল। সুতরাং জনগণ এই চক্রান্ত এবং ষড়যন্ত্র কখনও মানবে না।
এ সময় মেনন দেশের মানুষকে আগামি নির্বাচনে গণতন্ত্রের পক্ষে এবং এই বর্তমান সরকারকে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বাবুগঞ্জ- মুলাদী আসনে পুনরায় ওয়ার্কার্স পার্টির নেতা এবং সংসদসদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতানকে নির্বাচিত করার আহ্বান জানান।
শাহজাহান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা পার্টির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ টিপু সুলতান এবং বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটিরসদস্য আবদুল খালেক, জেলা কমিটির সদস্য ফারুক মাস্টার প্রমুখ।



