
তামিল রাজনীতির হাল ধরবে কে? জল্পনা তুঙ্গে
রূপসী বাংলা ডেস্ক:গভীর সংকট তৈরি হল তামিলনাড়ুর রাজনীতিতে৷ বছর দেড়েক আগে চলে গিয়েছেন জয়ললিতা৷ এবার প্রয়াত হলেন তাঁর প্রবল প্রতিপক্ষ এম করুণানিধি৷
ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবার তামিল রাজনীতির হাল ধরবে কে? তাহলে কি এবার বিজেপি-কংগ্রেস ক্রমশ গ্রাস করবে দক্ষিণ ভারতের এই রাজ্যকে৷ নাকি নতুন কোনও কিংবদন্তীর জন্ম নেবে বঙ্গোপসাগরের তীরে৷
কাকতালীয়ভাবে ডিএমকে প্রধান কে করুণানিধিই সেই নেতা যিনি তামিলনাড়ু থেকে কংগ্রেসকে উৎখাত করেছিলেন৷ হয়ে উঠেছিলেন তামিলনাড়ুর প্রবাদপ্রতীম কলাইনার৷ সেই নেতার প্রয়াণের পর নেতার সন্ধান করতে হবে তামিলনাড়ুকে৷
তামিলনাড়ুর রাজনীতির ইতিহাস বলছে, বরাবরই সেখানে রাজত্ব করেছে হেভিওয়েট ব্যক্তিত্বরা৷ ডিএমকের আন্নাদুরাই৷ তার পর করুণানিধি৷ এর পর এমজিআর৷ তার পর জয়ললিতা ও করুণানিধির লড়াইয়ের সাক্ষী থেকেছে তামিলনাড়ু৷
আন্নাদুরাইয়ের প্রয়াণের সময় করুণানিধি ছিলেন রাজ্যের অন্যতম হেভিওয়েট রাজনৈতিক নেতা৷ কিন্তু এই মুহূর্তে সেই পর্যায়ের কোনও নেতা নেই তামিলনাড়ুতেই৷ তাই প্রশ্ন উঠছে, এই শূন্যতা পূরণ করবে?
তামিল রাজনীতি সম্বন্ধে যাঁরা খবর রাখেন, তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে এগিয়ে আসতে পারেন রজনীকান্ত৷ তিনিও ফিল্মি তারকা৷ দক্ষিণ ভারতে তাঁরও বিপুল জনপ্রিয়তা৷ তিনি এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়তে পারেন৷ তবে তাঁরও বিপক্ষ তৈরি রয়েছেন৷ আরেক দক্ষিণী অভিনেতা কমল হাসান ইতিমধ্যে রাজনীতিতে নিজের জমি শক্ত করতে শুরু করেছেন৷
অন্যদিকে সামনেই লোকসভা নির্বাচন সাউথব্লকের লড়াই চলছে দেশজুড়ে৷ প্রধানমন্ত্রীর গদি ধরে রাখতে মরিয়া নরেন্দ্র মোদী৷ অন্যদিকে তাঁকে হারাতে জোর লড়াই শুরু করেছেন রাহুল গান্ধী৷ ফলে এই সুযোগে তামিলনাড়ুতে নিজেদের জমি শক্ত করার কাজ শুরু করার চেষ্টা করতে পারেন মোদী-রাহুল৷ প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে রাজ্যের ৩৯টি আসনের মধ্যে ডিএমকে শূণ্য হাতে ফিরতে হয়েছিল কারণ জয়ললিতার এআইএডিএমকে জিতেছিল ৩৭টি আসনে। এবার পরিস্থিতি বদলেছে বলেই মনে করা হচ্ছে ৷
ফলে আসন্ন ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা থাকতে পারে তামিলনাড়ুর। সেক্ষেত্রে করুণানিধির আবেগকে কাজে লাগিয়ে স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে ঘুরে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। আরও নানা সমীকরণ তৈরির চেষ্টাও হবে। অন্যদিকে রজনীকান্ত, কমল হাসানরা রাজনীতিতে কতটা দাগ কাটতে পারে তা সময়ই বলবে৷



