
মমতা মজুমদার
তোমার হৃদয়ের মধুর ক্ষণে বসন্ত দিলে উঁকি
অনুভবে তা দেখে নিও করো না প্রাণের ঝুঁকি।
একটা বিকেল পায়ে হেঁটে পাঁপড়ি ঝরার ক্ষণ
মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে ভরিয়ে নিও তোমার মন।
পলাশ ফোটা পুষ্প বনে কোকিল যখন গায়
হৃদয় মাঝে প্রেমের স্রোতে হাওয়া বয়ে যায়।
তোমার মনে থাকবে আমার স্মৃতিগুলো যত
ভাববে আমি পাশে আছি ছায়া মানবীর মত।
সাঁঝেরবাতি জ্বলবে দেখো আকাশ পানে ঐ
একলা প্রহর মন পিঞ্জিরায় মিশে কেবল রই।
চাঁদের আলো আঁধার কেটে ভরবে যখন মন
স্বপ্নগুলো রঙিন করে রাঙিয়ে তুলো সে ক্ষণ।
কৃষ্ণচূড়া ফুল রাঙা হলে সবুজ পাতার ডালে
বিস্ময় ভরে দেখো শুধু থাকব ফাগুন কালে।
নদীর তীরে বসে যদি ভাবো আমার সব কথা
পাখির কাছে জলের কাছে বলো মনের ব্যথা।
শিমুল ফুলে একটি মালা গেঁথো আপন হাতে
যে ছবিটা এঁকেছো হৃদয়ে পরিয়ে দিও তাতে।
ফাগুন ছোঁয়ায় মন খারাপে লাগে যদিও একা
ভেবো না তুমি শুধু শুধু পাবে না আমার দেখা।



