
তিনটি আসনেই বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: তিনটি আসনেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বিকেলে আপিলের দ্বিতীয় দফা শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়। ইসির ৫ জন কমিশনারের মধ্যে চার জনই বাতিলের পক্ষে মত দেন। শুধু মাত্র কমিশনার মাহবুব তালুকদার এর বিরোধিতা করেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় ইসি।
এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে তৃতীয় এবং শেষ দিনের আপিল শুনানি শুরু হয়। সকালে নির্বাচন কমিশন খালেদা জিয়ার আপিলের শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত স্থগিত করে। বিকেলে দ্বিতীয় দফা শুনানি শেষে সিদ্ধান্ত দেওয়া সময় নির্ধারণ করে কমিশন। আপিলের দ্বিতীয় দফা এই শুনানিতে খালেদা জিয়ার তিন আসনেই প্রার্থিতা বাতিল করা হয়।
কারাগারে আটক থাকা খালেদা জিয়া ফেনী -১, বগুড়া -৬ এবং ৭ আসন থেকে তার মনোনয়ন জমা দিয়েছিলেন। দুর্নীতির মামলায় দন্ডপ্রাপ্ত হওয়ায় তার মনোনয়ন বাতিল করেছিলেন ফেনী ও বগুড়ার জেলা রিটার্নিং কর্মকর্তা। তিন আসনেই প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছিল।



