
তিন তালাক ইস্যুতে তৃণমূলের বিরোধিতা অস্বাভাবিক নয়
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: লোকসভায় পাশ হয়েছে তিন তালাক বিরোধী বিল। এদিন সংসদে সরকারের প্রস্তাবিত বিলের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের এই বিরোধিতা অস্বাভাবিক কিছু নয় বলে দাবি করেছেন আইনজীবী তথা বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান।
বৃহস্পতিবার দীর্ঘ সময় ধরে সরকার এবং বিরোধী পক্ষের বাদানুবাদের পরে অবশেষে শেষ হাসি হেসেছে মোদী সরকার। যদিও বিলটি এখনও রাজ্যসভায় পাশ হওয়া বাকি রয়েছে। যদিও লোকসভায় এই বিল পাশ হওয়াকে নিজেদের সাফল্য মনেই করছে পদ্ম শিবির।
এই বিল নিয়ে একই সুর শোনা গিয়েছে আইনজীবী নাজিয়া এলাহি খানের গলাতেও। তিনিই হাওড়ার বাসিন্দা তিন তালাক প্রাপ্ত মহিলা ইশরাত জাহানের হয়ে আইনি লড়াই লড়েছিলেন। সেই মামলার গড়ানো জলের উপরে ভিত্তি করেই আইন পাশ হল আইনসভায়।
লোকসভার এই শীতকালীন অধিবেশনের শেষ লগ্নের এই ঐতিহাসিক দিনে আইনজীবী নাজিয়া এলাহি খান বলেছেন, “আজ আমি খুব খুশি। মুসলিম সমাজের মহিলাদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত হল। নিজস্ব পরিচয় পেলেন মুসলিম সমাজের মহিলারা।” পাশাপাশি তিনি আরও বলেছেন, “এই আইন পাশ হওয়ার কারণে মুসলিম মহিলাদের মন থেকে ভয় দূর হবে। তিন তালাকের যে ভয় নিয়ে মুসলিম মহিলারা চিন্তিত ছিল তা এখন দূর হল।”
একই সঙ্গে এই বিল পাশ করা নিয়ে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারকে সাধুবাদ জানিয়েছেন নাজিয়া। তাঁর কথায়, “স্বাধীন ভারতে এই প্রথম কোনও সরকার মুসলিম মহিলাদের জন্য ভেবেছে।” আইনজীবীর পাশাপাশি এই মুহূর্তে নাজিয়া এলাহি খান বিজেপি নেত্রী।

এদিন লোকসভায় দীর্ঘ চার ঘণ্টা ধরে বিবাদ চলে সরকার এবং বিরোধী পক্ষের মধ্যে। কংগ্রেস, এআইডিএমকে সহ কয়েকটি রাজনৈতিক দলের সাংসদেরা কক্ষ ত্যাগ করেন। কিন্তু আইনসভায় থেকে বিতর্কে অংশ নিয়েছিল তৃণমূল। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিলটি সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি করেন।

এই বিষয় নিয়েও মুখ খুলেছেন বিজেই নেত্রী তথা আইনজীবী নাজিয়া এলাহি খান। তাঁর কথায়, “তিন তালাক বিল নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দেওয়া যায় না।” তৃণমূল কংগ্রেস কখনই মহিলাদের জন্য ভাবে না বলে অভিযোগ করেছেন নাজিয়া। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গে অনেক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, ধর্ষণ, তিন তালাক, নিকা হালালার মতো ঘটনাও অনেক ঘটেছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেস কোনও ব্যবস্থা নেয়নি।” সেই সঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে তিনি আরও বলেছেন, “মহিলাদের জন্য উন্নয়ন করা তৃণমূলের কাজের মধ্যেই পরে না। সেই কারণেই সংসদে তিন তালাক বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তৃণমূল।”




