
দরিদ্র মানুষ বছরে পাবে ৭২ হাজার রুপি
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: প্রকাশিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের নির্বাচনী ইশতেহার। মঙ্গলবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ছাড়াও এই ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং।
কংগ্রেসের ইশতেহারে ন্যায়, বেকারত্ব ও কৃষিঋণ মকুবের উপর জোর দেওয়া হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, এই ইশতেহারে মানুষের চাহিদাকে স্থান দেওয়া হয়েছে।
এর আগেই ন্যায় প্রকল্পের কথা ঘোষনা করেছেন কংগ্রেস সভাপতি। কংগ্রেস ক্ষমতায় এলে সেই প্রকল্প চালু হবে। আর সেই অনুযায়ী ভারতের ২০ শতাংশ দরিদ্র মানুষ বছরে ৭২ হাজার রুপি করে পাবেন।
এদিন ইশতেহার প্রকাশ করে রাহুল গান্ধী বলেন, এই ইশতেহারে মানুষের চাহিদাকে সম্মান করা হয়েছে। মানুষের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি জানান, তাদের সরকার ক্ষমতায় আসার পর কোনো কৃষক যদি ঋণ মেটাতে না পারেন, তাহলে ফৌজদারি মামলা হবে না। মানে তাকে জেলে যেতে হবে না।
রাহুল আরও বলেন, বছর খানেক আগে যখন আমরা ইশতেহার তৈরির কাজ শুরু করেছিলাম তখনই আমি বলেছিলাম, অসম্ভব কোনো প্রতিশ্রুতি ইশতেহারে রাখা হবে না। কারণ এমনিতেই প্রতিদিন আমাদের এতো মিথ্যা কথা শুনতে হয়।
কংগ্রেসের এই ইশতেহার আরো বলা হয়েছে, আগামী মার্চ মাসের মধ্যে ২২ লাখ চাকরির ব্যাবস্থা করা হবে। পাশাপাশি, একশো দিনের কাজের সংখ্যাও বাড়ানোর কথা বলা হয়েছে। ভারতের রেল বাজেটের মতো কৃষকদের জন্য আলাদা বাজেট করার কথাও বলা হয়েছে ইশতেহারে।
এদিন মোদি সরকারকে আক্রমণ করে রাহুল বলেন, এখন ভারতে আর্থিক জরুরি অবস্থা চলছে। প্রধানমন্ত্রী ভারতে আচ্ছে দিনের কথা বলেছিলেন, এখন দেখা যাচ্ছে চৌকিদারই চোর।



