
দলিত সংগঠনগুলির ডাকে আজ ভারত বনধ, রেল অবরোধ, পঞ্জাবে স্থগিত সিবিএসই পরীক্ষা
রূপসী বাংলা ডেস্ক:তফশিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে অবিলম্বে গ্রেফতার সংক্রান্ত আইনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে দলিত সংগঠনগুলির ডাকে আজ ভারত বনধ। ওড়িশার সম্বলপুরে একটি সংগঠনের সদস্যরা রেল অবরোধ করেন। ফলে আটকে পড়ে বেশ কয়েকটি ট্রেন। গোলমালের আশঙ্কায় পঞ্জাব সরকার আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে আজ পঞ্জাবে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে।
গত ২০ মার্চ সুপ্রিম কোর্ট বলে, সরকারি কর্মীদের বিরুদ্ধে তফশিলি জাতি ও উপজাতিদের উপর অত্যাচার বন্ধের আইনের যথেচ্ছ অপব্যবহার করা হচ্ছে। তাই এখন থেকে আর নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না। সরকারি কর্মী ছাড়া অন্যদের ক্ষেত্রে সিনিয়র পুলিশ সুপার মনে করলে গ্রেফতারের অনুমতি দিতে পারেন। এই রায়ের বিরোধিতা করেই ভারত বনধের ডাক দিয়েছে পিস্যান্টস অ্যান্ড ওয়ার্কার্স পার্টি, ভারিপ বহুজন মহাসঙ্ঘ, সিটু, জাতি অন্ত সংঘর্ষ সমিতি, রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস সহ বিভিন্ন সংগঠন।
অন্যদিকে, আজই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় সরকার। সামাজিক ন্যায়বিধান ও ক্ষমতায়ন বিভাগের মন্ত্রী থবর চন্দ গেহলট ভারত বনধ প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, ‘ভারত বনধের প্রয়োজন কী? সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাচ্ছে।’ অপর এক কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানও ভারত বনধের বিরোধিতা করেছেন।



