ভারত

দুবাইতে ২১ কোটি টাকার লটারি জিতলেন এক ভারতীয়

রূপসী বাংলা ডেস্ক:দুবাইতে প্রায় ২১ কোটি টাকার জ্যাকপট জিতলেন এক ভারতীয়। দুবাইতে এর আগেও কয়েকজন ভারতীয়র এভাবে লটারি জিতে বরাত খুলেছে। সেই তালিকায় যোগ হল জন ভার্গিসের নাম। কেরল থেকে দুবাইতে আসেন তিনি। ২০১৬ থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন তিনি। গত মঙ্গলবার আদু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে লটারিতে জিতলেন তিনি।
এত টাকার লটারি জেতার খবরটা প্রথমে বিশ্বাস হয়নি ভার্গিসের। তিনি বলেছেন, সবে ১ এপ্রিল গিয়েছে। তাই হয়ত কোনও বন্ধু এভাবে তাঁর সঙ্গে মজা করতে ফোন করেছে। এই ফোন কল ভুয়ো বলেও সন্দেহ হয় তাঁর।
শেষপর্যন্ত তিনি বুঝতে পারেন যে, এটা নিছক মজা বা ভুয়ো কল নয়। কিন্তু তারপরও ঘোর কাটছিল না তাঁর। কেরলে বাড়িতে খবরটা দেওয়ার আগে আরও একবার যাচাই করে নেন ভার্গিস।
ভার্গিস বলেছেন, জ্যাকপট থেকে প্রাপ্ত অর্থ তাঁর চার বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। কিন্তু তার আগে নিজের সাধারণ ফোনটা বদলে একটা স্মার্টফোন কিনতে চান ভার্গিস।
টাকা নিয়ে কী করবেন, তার মোটামুটি একটা পরিকল্পনা ছকে ফেলেছেন ভার্গিস। তিনি বলেছেন, আমার পরিবার খুবই ছোট- স্ত্রী আর দুই সন্তান। আমি ওদের ভবিষ্যতের জন্য টাকা লগ্নি করব। পড়াশোনায় খরচের থেকে আর ভালো কিছু লগ্নি হতে পারে না।
লটারি থেকে প্রাপ্ত একটা অর্থ দরিদ্রদের সাহায্যের জন্য রাখবেন ভার্গিস। তিনি বলেছেন, লটারি জিতে বরাত খুললেও নিজের জীবনের ফেলে আসা সময়টা তো আর ভুলতে পারবেন না। তাই দরিদ্রদের পাশে দাঁড়াতে চান তিনি।
এর আগে জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরশাহীতে কেরলেরই এক বাসিন্দা ১২ মিলিয়ন দিরহাম লটারিতে জিতেছিলেন। গত অক্টোবরে আবু ধাবির মেগা রাফেল ড্রতে যে ১০ জন ১ মিলিয়ন দিরহাম লটারি জিতেছেন, তাঁদের মধ্যে রয়েছেন ৮ ভারতীয়।
গত অগস্টে সংযুক্ত আরব আমিরশাহীতে ৫ মিলিয়ন দিরহামের লটারি জিতেছিলেন এক ভারতীয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension