খেলা

দুশ্চিন্তার মেঘ সরিয়ে একপেশে জয়ে বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। ব্যাটে-বলে কিউয়িদের নাস্তানাবুদ করে বুধবার ১১৯ রানের একপেশে জয় ছিনিয়ে নিল থ্রি-লায়ন্সরা। বেয়ারস্টোর দুরন্ত শতরান ও জেসন রয়ের অর্ধশতরানের সৌজন্যে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে এদিন রিভারসাইড গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৩০৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ব্রিটিশ বোলারদের দাপটে ৪৫ ওভারে ১৮৬ রানেই শেষ গতবারের রানার্সরা।

টুর্নামেন্টে দুরন্ত শুরুর পরেও গ্রুপ লিগের মাঝপথে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার কাছে টানা দু’ম্যাচ হেরে শেষ চারে যোগ্যতা অর্জনের প্রশ্নে কিছুটা ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড। সেখান থেকে দুরন্ত প্রত্যাবর্তন করে প্রথমে ভারত ও বুধবার নিউজিল্যান্ডকে দুরমুশ করে ১৯৯২’র প ফের বিশ্বকাপের সেমিতে ইংরেজরা। আর ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেও চতুর্থ দল হিসেবে নিউজিল্যান্ডেরও সেমিফাইনাল কার্যত নিশ্চিত বলা চলে। কারণ সেমিফাইনালে যোগ্যতা অর্জনের প্রশ্নে অপর সম্ভাব্য দল পাকিস্তানকে গ্রুপের শেষ ম্যাচে জিততে হবে অন্তত ২৭০ রান বা তার বেশি ব্যবধানে। বাংলাদেশের বিরুদ্ধে যা এককথায় অসম্ভব।

চেস্টার লে স্ট্রিটে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান তোলে। টুর্নামেন্টে উপর্যুপরি দ্বিতীয় শতরান করেন ওপেনার জনি বেয়ারস্টো। ধারাবাহিকতা বজায় রেখে অনবদ্য হাফসেঞ্চুরি করেন অপর ওপেনার জেসন রয়ও। ভারতের পর এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধেও অনবদ্য রয়-বেয়ারস্টো সমৃদ্ধ ইংল্যান্ডের ওপেনিং জুটি। দুই ওপেনারের ১২৩ রানের জুটিই এদিন ভিত গড়ে দেয় ইংল্যান্ডের। এরপর মিডল অর্ডারে অধিনায়ক মর্গ্য্যানের ৪২ রানের অবদান থ্রি-লায়ন্সদের পৌঁছে দেয় ৩০৫ রানে। তবে মিডল অর্ডারে আর কোনও ব্যাটসম্যান নিজেদের সুনাম অনুযায়ী খেলতে ব্যাট করতে না পারায় সাড়ে তিনশো রানে পৌঁছনো সম্ভব হয়নি মর্গ্যানদের পক্ষে।

৮টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ৬০ রান করে ক্রিজ ছাড়েন রয়। ৯৯ বলে জনি বেয়ারস্টোর ১০৬ রানের ঝকঝকে ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ১টি ছয়ে। মর্গ্যান করেন ৪০ বলে ৪২ রান। বড় রান করতে ব্যর্থ জোস বাটলার (১১), বেন স্টোকস (১১), ক্রিস ওকস (৪), আদিল রশিদরা (১৬)। লিয়াম প্লাঙ্কেট ১৫ ও জোফ্রা আর্চার ১ রান করে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের হয়ে দু’টি করে উইকেট নেন তিন পেসার ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি ও জিমি নিশাম৷ একটি করে উইকেট নেন মিচেল স্ট্যান্টনার ও টিম সাউদি।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে কিউয়িরা। উইকেটকিপার ব্যাটসম্যান টম ল্যাথাম (৫৭) ছাড়া ব্যাট হাতে ব্যর্থ বাকি কিউয়ি ব্যাটসম্যানরা। পঞ্চম উইকেটে ল্যাথাম ও নিশমের ৫৪ রানের পার্টনারশিপ ছাড়া সেই অর্থে গড়ে ওঠেনি কোনও বড় পার্টনারশিপই। স্বাভাবিকভাবেই ৩০৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে যে অবদান প্রয়োজন, ব্যাটসম্যানদের থেকে প্রত্যাশামাফিক সেই অবদান মেলেনি। উপরন্তু ইংরেজ পেসারদের দাপুটে পেসে ন্যূনতম প্রতিরোধটুকু গড়ে তুলতে ব্যর্থ হয় উইলিয়ামসন ব্রিগেড। শেষ অবধি ৪৫ ওভারে ১৮৬ রানেই শেষ হয়ে যায় কিউয়িদের ইনিংস।

ইংল্যান্ডের হয়ে ৩৪ রানে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মার্ক উড। এছাড়া ১টি করে উইকেট ভাগ করে নেন ক্রিস ওকস, জোফ্রা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ ও বেন স্টোকস। তৃতীয় স্থানাধিকারী হিসেবে শেষ চারের যোগ্যতা অর্জন করায় আগামী ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে ভারত কিংবা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মর্গ্যানরা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension