
দেশবরেণ্য কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই
রাশিদুন নবী শুভ্র
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। দেশবরেণ্য ব্যান্ড সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় আইয়ুব বাচ্চু বাসায় অসুস্থ হয়ে পড়লে তার ড্রাইভার হাসপাতালে নিয়ে আসেন। বেলা সাড়ে এগারটায় স্কয়ার হাসপাতাল পরিচালক ডা: মির্জা নাজিম উদ্দিন হাসপাতালে প্রেস ব্রিফিংয়ে বলেন, আমরা তাকে মৃত অবস্থাতেই পাই। তারপরও ১৫ থেকে ২০ মিনিটি চেষ্টা করেন চিকিৎসকরা। পরে ৯টা ৫৫ মিনিটে তাকে আমরা মৃত ঘোষণা করি।

ডা: মির্জা নাজিম উদ্দিন বলেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন, তিনি বহুদিন হৃদরোগে ভুগছিলেন। ২ সপ্তাহ আগেও তিনি চেকআপ করিয়ে গেছেন। এর আগে ২০০৯ সালে তার হার্টে রিং পরানো হয়। আর ২০১২ সালে ফুসফুসে পানি জমার কারণে এই হাসপাতালেই চিকিৎসা নিতে হয়েছিল আইয়ুব বাচ্চুকে। তার বয়স হয়েছিল ৬০ বছর। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে রাজধানীর স্কয়ার হাসপাতালে ছুটে আসেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন জনপ্রিয় এই শিল্পী। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গিটারে সারা ভারতীয় উপমহাদেশে আইয়ুব বাচ্চু বিখ্যাত ছিলেন। ১৯৯১ সালে আইয়ুব বাচ্চু এল আর বি ব্যান্ড গঠন করে। ‘আইয়ুব বাচ্চুর জানাজা জাতীয় ঈদগাহে, ও অন্তিম শয়ান চট্টগ্রামে’



