
দ. আফ্রিকা লকডাউন কমিয়ে আনলে চরম মূল্য দিতে হবে
দক্ষিণ আফ্রিকা যখন লকডাউন শিথিল করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ঠিক তখনই কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গনাইজেশন (ডাব্লিউএইচও)।
প্রতিষ্ঠানটি বলছে, দক্ষিণ আফ্রিকায় এখনও লকডাউন শিথিল করার পরিস্থিতি হয় নি। লকডাউন কমিয়ে আনলে দেশটিকে চরম মূল্য দিতে হবে।
সম্প্রতি স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে ডাব্লিউএইচওর এই মেসেজ জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাওয়েলি এমকিজে।
তিনি বলেন, ডাব্লিউএইচওর মতামত অনুসারে দক্ষিণ আফ্রিকা এখনো লকডাউন কমানোর পর্যায়ে আসেনি।
ডব্লিউএইচও মতে, লকডাউন ৫ম লেভেল থেকে ৪র্থ লেভেলে কমিয়ে আনার পর থেকে দেশটিতে প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মারাত্মকভাবে বেড়েছে।
দক্ষিণ আফ্রিকায় করোনায় এ পর্যন্ত ৩১২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ২০০ জন।
এদিকে সরকারের লকডাউন শিথিল করার ঘোষণার প্রতিবাদ জানিয়ে দেশটির ট্রেড ইউনিয়নগুলো বলেছে, অর্থনীতি ঠিক রাখার কথা চিন্তা করে মালিকদের স্বার্থে দেশের মাইনিং সেক্টর ও শিল্প কারখানাগুলো খুলে দিলে হাজার হাজার শ্রমিক করোনা আক্রান্ত হবে। আমরা টাকার জন্য জীবনের সঙ্গে আপোষ করতে পারি না।
রাষ্ট্রপতি সিরিল রামাপুসার সঙ্গে সাক্ষাৎ করে ট্রেড ইউনিয়নের নেতৃারা করোনাভাইরাসের সংক্রমণ কমে না আসা পর্যন্ত লকডাউন শিথিল না করতে অনুরোধ জানান। ⛘



