
ধর্ষণ রোধে পর্দা বাধ্যতামূলক করার বিকল্প নেই: বাবুনগরী
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরী নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ধর্ষণ, নারী নির্যাতন এসব রোধে পর্দা বাধ্যতামূলক করার দাবী জানিয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বারডেম জেনারেল হসপিটাল থেকে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী এসব কথা বলেন।
দ্রুত সময়ের মধ্যে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে তিনি বলেন, নারীকে নিরাপদে রাখতে পারলে ব্যক্তি, দেশ, জাতি ও সমাজ, সংসার সবকিছুই নিরাপদ। ধর্ষণ, নারী নির্যাতন এসব রোধে পর্দা বাধ্যতামূলক করার বিকল্প নেই। পর্দা নারীর মৌলিক অধিকার। পর্দাতেই নারী সর্বাধিক নিরাপদ বলে মন্তব্য করেন তিনি।
জুনায়েদ বাবুনগরী বলেন, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক মাত্রায় বেড়েছে। বেগমগঞ্জের এ ঘটনার বিবরণ শুনে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মানুষ কীভাবে এতটা হিংস্র হতে পারে? বর্বরোচিত কায়দায় এভাবে কোনো মা-বোন নির্যাতনের শিকার হওয়ার পর চুপ করে ঘরে বসে থাকা যায় না।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে নোয়াখালীর বর্বরোচিত এ ঘটনায় প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এর প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠতে পারে।❐



