
ধাক্কা খেলো জার্মানি, কপাল পুড়েছে ফ্রান্সের
রূপসী বাংলা ঢাকা স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে হারের পর এবার বড় আরেকটা ধাক্কা খেলো জার্মানি । ফ্রান্সকে হারিয়ে নেদারল্যান্ডস অবনমন ঘটিয়েছে জার্মানির। তাদের বিপক্ষে জয় নিয়ে একটু স্বস্তি ফেরানোর সুযোগ ছিল জার্মানির সামনে। জয়ের পথেই ছিল তারা। ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল লো‘র দল। কিন্তু শেষ পর্যন্ত কমলারা ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে। এখন জার্মানি ইউরোপিয়ান নেশনস লিগের গ্রুপ ‘এ‘ থেকে ‘বি‘ তে নেমে গেছে।
জার্মানির বিপক্ষে কোন রকমে হার এড়াতে পারলেই ফ্রান্সকে টপকে নেশনস লিগের সেমিতে উঠে যেত নেদারল্যান্ডস। সেন্টারব্যাক ফন ডাইক সেটাই করে দেখিয়েছেন। ম্যাচের শেষ সময়ে গোল করে দলকে সমতা এনে দেন তিনি। ফলে কপাল পুড়েছে ফ্রান্সের। ফ্রান্সকে সরিয়ে ইংল্যান্ড, পর্তুগাল ও সুইজারল্যান্ডের সঙ্গে সেমিফাইনালে উঠে গেছে কমলারা।
জার্মানির এবারের নেশনস লিগে একটা ম্যাচও জিততে পারেনি। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা যেন আলাদা ফর্মে ছিল। ম্যাচের ১৯ মিনিটের মাথায় স্ট্রাইকার টিমো ওয়ার্নার এবং ফরোয়ার্ড লিরয় সানের গোলে ২–০ গোলে এগিয়ে যায় তারা। ওই লিড ধরে রাখে ম্যাচের প্রায় শেষ সময় পর্যন্ত। কিন্তু নেদারল্যান্ড যেন হাল ছাড়ার দল না। রাশিয়া বিশ্বকাপে জায়গা না পাওয়া কমলারা জেগে উঠেছে বেশ আগেই। শেষ পাঁচ মিনিটে দুই গোল করে সেটারই প্রমাণ দিলো তারা।
ডাচ অধিনায়ক ডাইক সামনে থেকেই দলকে সেমিতে তুললেন। দ্বিতীয়ার্ধে নেদারল্যান্ডস দারুণ ফুটবল খেলেছে। আক্রমণে মলিন করে রাখে জার্মানিকে। জার্মানির আক্রমণগুলো ম্যাথিস ডে লিট এবং ফন ডাইকে আটকে গেছে। কিন্তু গোল পাচ্ছিল না নেদারল্যান্ডস। ম্যাচের ৮৫ মিনিটে ডিবক্সের ভেতর থেকে দ্রুতগতির বাঁকানো শটে নয়্যারকে পরাস্ত করেন ডাচ উইঙ্গার কুইন্স প্রমেস। আর ম্যাচের শেষে গোল করে ডাচদের স্বপ্নের পালে হাওয়া দেন ফন ডাইক।
সামনের জুনে পর্তুগালে অনুষ্ঠিত হবে নেশনস কাপের ফাইনাল। নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে যেখানে অপেক্ষা করবে হ্যারি কেনের ইংল্যান্ড। রোনালদো-গোমেজদের পর্তুগাল মুখোমুখি হবে জর্দান শাকিরি-জাকাদের সুইজারল্যান্ডের বিপক্ষে।
ছবি: গোল



