
নানা-বিকাশের পর এবার নিশানায় সলমন, ভিক্টিম ঐশ্বর্য
রূপসী বাংলা বিনোদন ডেস্ক : হলিউডের পর এবার মুখোশ খুলছে বলিপাড়ায়। তনুশ্রী যে আগুন জ্বালিয়ে তাতে একে একে ঘি দিচ্ছেন বলি সুন্দরীর দল। ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছেন কুইন। তাঁর তীর গিয়ে বিঁধেছে পরিচালক বিকাশ বেহেলের গায়ে। এবার পালা সলমন খানের। যদিও ভাইজানের দিকে আঙুল তোলেননি অ্যাশ সুন্দরী। কিন্তু পুরনো জল্পনায়ই এখন যথেষ্ঠ আগুনের তেজ বাড়াতে।
তনুশ্রীর আট বছরের পুরনো ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও, ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়। একসময় সলমনের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছিলেন ঐশ্বর্য। নায়িকার কথায়, মদ্যপ অবস্থায় সলমন তাঁর গায়ে হাত তুলেছিলেন। বলিউডে অন্য সহকর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক আছে ভেবে নাকি ঐশ্বর্যকে সন্দেহ করতেন তিনি। এমনকি সলমন মানসিক এবং শারীরিক ভাবে তাঁকে হেনস্থা করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন ঐশ্বর্যা।

একসময় ভাইজানের সঙ্গে সলমনের সম্পর্ক বলিপাড়ায় ওপেন সিক্রেট ছিল। সেই সময় নায়কের নামে হেনস্থার অভিযোগ এনেছিলেন নায়িকা। এই সম্পর্কে এক সাক্ষাৎকারে ভাইজানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” ওই মহিলা তো বলছেন আমি মেরেছিলাম। এক সাংবাদিক অনেক বছর আগে এই প্রশ্নই করেছিলেন। সেটা শুনে আমি টেবিল ভেঙে ফেলেছিলাম…।আমি যদি কাউকে আঘাত করি, সেটা তো মারপিট হবে। আমি রেগে যাব। জোরে মারব। সেটা হলে ওই মহিলা বেঁচে থাকতেন বলে মনে হয় না।”

সলমনের এই উত্তরে শোরগোল পড়েছে নেট দুনিয়ায়। অনেকে বলছেন, ” সল্লুর এই উত্তরে সত্যিই হাসি পাচ্ছে। এমন বোকা বোকা উত্তর কীভাবে তিনি দিতে পারেন”। তবে এই নিয়ে সাইবার ওয়ার্ল্ড তোলপাড় হলেও চুপ করে রয়েছেন সলমন ও অ্যাশ। এখনও পর্যন্ত কিছুই বলেননি তাঁরা।



