
নামিবিয়ার রাষ্ট্রপতি হেগে জিঙ্গোব মারা গেছেন
নামিবিয়ার রাষ্ট্রপতি হেগে জিঙ্গোব মারা গেছেন। রবিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে মারা যান তিনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিবৃতির মাধ্যমে হেগে জিঙ্গোবের মৃত্যুর খবরটি জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি উইন্ডহোকের লেডি পোহাম্বা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হেগে জিঙ্গোব। নামিবিয়ার সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের রেকর্ড রয়েছে তাঁর।
রাষ্ট্রপতি হেগে জিঙ্গোবের মৃত্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এমবুম্বা বলেন, ‘আমি গতকালই জাতিকে জানিয়েছি, চিকিৎসক দল আমাদের রাষ্ট্রপতির সুস্থতা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছে। দুঃখজনকভাবে, জীবন বাঁচানোর জন্য চেষ্টা করা সত্ত্বেও নামিবিয়ার বন্ধু, রাষ্ট্রপতি হেগে জিঙ্গোব চলে গেলেন।’
চলতি বছর জানুয়ারি মাসে গেইঙ্গবের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ পায়। তখন থেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে ২ দিনের চিকিৎসা শেষে গত বুধবার (৩১ জানুয়ারি) দেশে ফিরেছিলেন তিনি।
গেইঙ্গব ২০১৫ সাল থেকে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে রাষ্ট্রপতি হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদ চলছিল। তিনি দেশটির প্রথম প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। নামিবিয়া দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভের পর, প্রাক্তন রাষ্ট্রপতি স্যাম নুজোমার অধীনে ১৯৯০ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে অধিষ্ঠিত ছিলেন।



