
নারায়ণগঞ্জ জেলা সমিতির মত বিনিময় সভা অনুষ্ঠিত
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতির আয়োজনে এক মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং জেলার সাবেক পিপি ও নারায়ণগঞ্জ বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান বলেছেন, নিউইয়র্কে এলে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের আন্তরিকতা এবং ভালবাসা দেখে মনে হয় নারায়ণগঞ্জেই আছি। তারা আমাকে বিভিন্ন সময়ে যে সম্মান ও ভালবাসা দেখিয়েছেন-তা কখনও ভুলে যাবার মত নয়। নিউইয়র্কে পাঁচবার এসেছি। প্রবাসী নারায়ণগঞ্জবাসী এই সংগঠনের পক্ষ থেকে চারবার আমাকে নিয়ে মত বিনিময় সভা করেছে। যা আমাকে আপ্লূত করেছে। আপনাদের ভালবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম। তিনি আরো বলেন, প্রবাসী নারায়ণগঞ্জবাসী যখন দেশে যাবেন-আমাকে একবার ফোন করবেন। আমার বাসায় একদিন আতিথিয়েটা গ্রহণ করলে আমি খুব খুশি হব।
নারায়ণগঞ্জ জেলা সমিতি আয়োজিত এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ২৪ অক্টোবর রাতে জ্যাকসন হাইটসের খাবারবাড়ি চাইজিন রেষ্টুরেন্টে। এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং সভা পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মোঃ শামছুল আলম লিটন। সভায় মঞ্চে উপবিষ্ট হয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কাজী আজাহারুল হক মিলন, উপদেষ্টা আসাদুল বারী আসাদ, উপদেষ্টা মোহাম্মদ আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও আব্দুল মান্নান, ফজলুল হক, মহসিন ননী। এ ছাড়া বক্তব্য রাখেন হুমায়ুন কবীর তুহিন, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি দর্পণ কবীর, প্রদ্বীপ সাহা প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাবিবুর রহমান হাবিব, ফয়সাল হক দোলন, মোস্তফা জামান শামীম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে আসাদুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রে নারায়ণগঞ্জের অনেক প্রিয়জন থাকেন। জ্ঞানী-গুণীরাও আছেন। তাদের কর্মকাণ্ড দেখে অভিভূত হই। তাদের খবরাখবর পেলে ভাল লাগে। প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের উদ্দেশ্যে বলেন, নিজ এলাকার প্রতি, দেশের প্রতি আপনাদের দরদ দেখে ভাল লাগে।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ সবসময় দেশের জাতীয় অর্থনীতিতে ভুমিকা রেখে এসেছে। এখনও রাখছে। নারায়ণগঞ্জের মানুষ শান্তিপ্রিয়। ব্যবসা-বাণিজ্য এবং রপ্তানীমুখি গার্মেন্টস শিল্পের কারণে আমরা সবসময় এগিয়ে। রাজনীতির কারণেও আমাদের গুরুত্ব রয়েছে। বর্তমান সরকার যে উন্নয়ন করছে-এই উন্নয়নের সুফল নারায়ণগঞ্জবাসীও পাচ্ছেন।
তিনি বলেন, প্রবাসে নারায়ণগঞ্জবাসী ঐক্যবদ্ধ হয়ে নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন। নিজ এলাকায় বিনিয়োগ করতে পারেন।



