
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রূপসী বাংলা নিউজ ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাত দিনের সফরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন। স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী জন. এফ. কেনেডি বিমানবন্দরে অবতরণ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

এদিকে বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রায় সরাসরি ম্যানহাটনের লোটে গ্র্যান্ড প্যালেস হোটেলে যান প্রধানমন্ত্রী।

সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। জাতিসংঘের অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্যান্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অবস্থান করবেন এই হোটেলে।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রয়েছে শেখ হাসিনার। এর আগে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভোজসভায় যোগ দেবে শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ছেড়ে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে জেএফকে বিমানবন্দরে উপস্থিত হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মি ও সাধারণ প্রবাসীরা। নিরাপত্তার স্বার্থে এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের বাইরে পার্কিং লটে তাদের জন্য বেস্টনি গড়ে দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কারোরই কোনো দেখা-সাক্ষাত হয়নি।
–



