
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিজয় দিবস উদযাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও যথাযথ মর্যাদায় ৫০তম মহান বিজয় দিবস উদযাপন হয়েছে।
বিজয় দিবস অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।
অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলেন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ, ১৯৭১ সালে মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও মুক্তিযুদ্ধের ওপর নির্মিত একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।
কনসাল জেনারেল তার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ‘জাতির পিতার জন্ম না হলে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের স্থান হতো না।
এ বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী ও ৫০তম বিজয় দিবসের সম্মিলন বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যময় একটি সময়। আমাদের বিজয় অর্জনে জাতির পিতার অবিস্মরণীয় অবদানসহ জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা ও নিপীড়িত মা-বোনদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’
তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু একটি সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি।” মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘ভিশন-২০২১’, ‘ভিশন-২০৪১’ এবং ‘ডেল্টা প্ল্যা-২১০০’ বাস্তবায়নের লক্ষ্যেও সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
নিউইয়র্ক ও পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কর্তৃক আয়োজিত বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তিনি আমেরিকায় ভোটাধিকারপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকানদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহিদ সদস্যদের হত্যাকারীদের ও যে সকল মানবতাবিরোধী অপরাধী যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য এবং বিচারের রায় কার্যকরের জোরালো দাবি সম্বলিত ‘গণস্বাক্ষর’ নিউইয়র্ক রাজ্যের রাজনৈতিক নীতি-নির্ধারকদের কাছে আনুষ্ঠানিকভাবে পেশ করার জন্য বাংলাদেশি-আমেরিকানদের বিশেষ আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যবৃন্দ, শহীদ বুদ্ধিজীবীবৃন্দ এবং মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, করোনাভাইরাসে মৃত্যুবরণকারী বাংলাদেশি ও বাংলাদেশি-আমেরিকান ভাই-বোনদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরিশেষে কনস্যুলেটে সদ্য যোগদানকৃত ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। নিউইয়র্কে করোনা ভাইরাসজনিত মহামারির কারণে বিধি-বিধান প্রতিপালন করে কনস্যুলেটে এই দিবসটি পালন করা হয়।❐



