প্রধান খবরপ্রবাস

নিউইয়র্কে, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের স্বাধীনতা দিবস পালিত

রূপসী বাংলা ডেস্ক:বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভায় ‘বাংলাদেশের উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হবার যোগ্যতা অর্জন এবং রাজনীতির নামে সহিংসতা’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান বক্তা হিসেবে ফরিদা ইয়াসমীন প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘শত ব্যস্ততার মধ্যেও হৃদয়ে একখন্ড বাংলাদেশ লালনের পাশাপাশি সন্তানদের বাঙালি সংস্কৃতির সাথে জড়িয়ে রাখার মধ্য দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করে চলেছেন আপনারা। এভাবেই বহুজাতিক এ সমাজে বাঙালিত্ব মহিমান্বিত হবে, বাংলাদেশের ইমেজ আরো উজ্জ্বল হবে’।
‘এবারের স্বাধীনতার মাসে জাতিরপিতার সেই অবিস্মরণীয় ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতির পর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের পথে অনেক বড় একটি ধাপ অগ্রসর হবার সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্ব অটুট রাখতে সামনের নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থীদের বিরাট বিজয় দিতে সকলকে একযোগে কাজ করতে হবে’-উল্লেখ করেন ফরিদা ইয়াসমীন।
২৬ মার্চ সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে বর্ণাঢ্য এ সমাবেশের কার্যক্রম শুরু হয় নতুন প্রজন্মের কন্ঠে ‘আমার সোনার বাংলা’ গানের মধ্য দিয়ে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন কাদেরিয়া বাহিনীর থার্ড ইন কমান্ড, বিজ্ঞানী ও সিটি কাউন্সিলম্যান ড. নূরন্নবী। মুক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে বক্তব্য উপস্থাপন করে নতুন প্রজন্মের সুদীপ। উপস্থিত সকলে বিপুল করতালিতে সুদীপকে অভিবাদন জানায় এবং একাত্তরের মুক্তিযুদ্ধ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু সম্পর্কে বিস্তারিত ধারণা রাখায় সুদীপকে লাল গোলাপ প্রদান করেন ড. সিদ্দিকুর রহমান।


সমাবেশ স্থলে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে প্রবাসের মুক্তিযোদ্ধা ছাড়াও পুষ্পার্ঘ অর্পণ করে বাংলাদেশ কন্স্যুলেট, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগ, সিরাজগঞ্জ সমিতি, সেক্টর কমান্ডার্স ফোরাম প্রভৃতি সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আব্দুস সামাদ আজাদ, হাজী এনাম, জাকারিয়া চৌধুরী, আবুল হুসেন, নূরল আমিন বাবু, হাজী আব্দুল কাদের মিয়া, মাসুদ হুসেন সিরাজি, নান্টু মিয়া, সবিতা দাস প্রমুখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন সেক্টর কমান্ডার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবু এবং নির্বাহী সদস্য সোলায়মান আলী। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।
ফোরামের কর্মকর্তাদের মধ্যে আরো ছিলেন সেক্রেটারি রেজাউল বারি, সহ-সভাপতি কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার, শুভ রায়, কানু দত্ত, শহিদুল ইসলাম প্রমুখ।

শেষে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের শিল্পীরা সমবেত কণ্ঠে দেশের গান পরিবেশন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension