নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে গ্র্যান্ড ইন্ডিয়া ডে প্যারেড অনুষ্ঠানে মেয়র এরিক অ্যাডামস

গ্র্যান্ড মার্শাল হিসেবে ছিলেন তেলেগু মেগাস্টার আল্লু অর্জুন

জাহান আরা দোলন: ভারতের বাইরে, পৃথিবীর বৃহত্তম হিসেবে বর্ণিত ভারত দিবসের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এফআইএ (ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে নিউ ইয়র্ক সিটিতে ভারত দিবস শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।


গেল ২১ আগস্ট (রবিবার) অনুষ্ঠিত প্যারেডে গ্র্যান্ড মার্শাল ছিলেন তেলেগু মেগাস্টার আল্লু অর্জুন। গেস্ট অব অনার ছিলেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। এসময় নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন এভিনিউয়ের রুট ধরে চলার পথে মিছিলকারী এবং দর্শক হিসাবে হাজার হাজার উৎসাহী মানুষের উপস্থিতি দেখা গেছে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস ভারতের পতাকা নেড়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেন। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের ডেপুটি কমিশনার দিলীপ চৌহান। মেয়র অ্যাডামস মহামারি পরবর্তী সময়ে নিউ ইয়র্ক পুনর্গঠনে ভারত এবং ভারতীয় সম্প্রদায়ের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। গালা ডিনারে বিশেষ সম্মাননা প্রাপ্ত প্রথম ভারতীয় চৌহান বলেন, ‘নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যাডামসের নেতৃত্বে ব্যবসা করতে প্রস্তুত’। পরে পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস মেয়র অ্যাডামসের সঙ্গে যোগদান করেন।

প্যারেডের গ্র্যান্ড মার্শাল, ‘প্যান-ইন্ডিয়ান’ সুপার স্টার আল্লু অর্জুনের কার্ট (বাহন) জনতাকে অতিক্রম করার সময় মানুষ উত্তেজিত হয়ে পড়েছিল। এ সময়ে আল্লু অর্জুনকে উদ্দীপিত ভাবে ভারতের জাতীয় পতাকা নাড়াতে দেখা গেছে। বিভিন্ন ধরনের কার্টগুলি বাণিজ্য ও ব্যবসা সহ ভারতের বৈচিত্র্যময়তাকে নির্দেশ করে, কিন্তু ভারতের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্বকারী আঞ্চলিক কার্টগুলি এখানে নিজ নিজ সংস্থার মাধ্যমে প্রতিনিধিত্ব করে।

এফআইএ সভাপতি কেনি দেশাই বলেন, এফআইএ তাদের নিজস্ব পদ্ধতিতে রেকর্ড তৈরির চেষ্টা করে ভারতকে উঁচুতে তুলে ধরার চেষ্টা করেছে, ‘আমাদের এই দেশে নিজ মাতৃভূমিকে উদ্ভাসিত করে তোলে।’ মি. দেশাই বলেন, এফআইএ ভারতকে গর্বিত করেছে এবং এই অর্জন স্বাধীনতা সংগ্রামের অজানা এবং অজ্ঞাত নায়কদের প্রতি শ্রদ্ধা। এফআইএ চেয়ারম্যান অঙ্কুর বৈদ্য বলেন, এই রেকর্ড সারা বিশ্বের সকল কমিউনিটির জন্য উৎসর্গীকৃত। তিনি কমিউনিটিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।


এছাড়াও, অনুষ্ঠানে অ্যান্টিগুয়া এবং বারবুডার প্রধানমন্ত্রী মহামান্য গ্যাস্টন ব্রাউন উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের ভারতীয় কনসাল জেনারেল রণধীর জেসওয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ড. এইচ আর শাহ্‌, বিপিন প্যাটেল, অনিল বানসাল, অ্যান্ডি ভাটিয়া, প্রবীর রায়, ড. প্রবীণ চোপড়া এবং ড. সুধীর পারিখসহ এফআইএ-এর বেশ কয়েকজন প্রাক্তন সভাপতি শোভাযাত্রায় যোগ দেন। এই বছর প্যারেডের আহ্বায়ক ছিলেন প্রেম ভান্ডারী। তিনি তার জনহিতকর সংগঠন ‘জয়পুর ফুট’-এর জন্য বিশ্বব্যাপী পরিচিত। একই সাথে সর্বোচ্চ সংখ্যক বিভিন্ন ধরণের পতাকা ওড়ানোর জন্য এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের সাথে যুক্ত প্রাচীন বাদ্যযন্ত্র ডমরুর সবচেয়ে বিশাল সমাহারের জন্য ফেডারেশন অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন (এফআইএ) দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছে।

শোভাযাত্রায় গ্র্যান্ড মার্শাল হিসাবে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য সোমবার দক্ষিণের অভিনেতা আল্লু অর্জুনকে নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস সম্মাননা প্রদান করেন। এ অভিনেতা ইনস্টাগ্রামে এ বিষয়ে একটি পোস্ট শেয়ার করেছেন, যার ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্ক সিটি মেয়রের সঙ্গে সাক্ষাৎ খুবই আনন্দদায়ক ছিল। খুবই স্পোর্টিভ জেন্টলম্যান। সম্মাননার জন্য আপনাকে ধন্যবাদ, মিস্টার এরিক অ্যাডামস। থাগেদে লে!’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension