
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডাক সেবার আধুনিকায়ন
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে করোনা প্রদদুর্ভাবের পরিপ্রেক্ষিতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ও ডাক সেবার মাধ্যমে কনস্যুলার সেবা প্রদান ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিউইয়র্ক থেকে বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থানীয় সরকার কর্তৃক আরোপিত সকল নির্দেশনা অনুযায়ী এবং জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউ ইয়র্ক নিরবিচ্ছিন্নভাবে কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণের পূর্বে সেবাগ্রহণকারীরা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কনস্যুলেটে সশরীরে এসে সেবা নিতে পারতেন। কিন্তু কভিড-১৯ প্রার্দুভাবের কারণে বৃহৎ আকারে জনসমাগমে নিউ ইয়র্কের স্থানীয় সরকার নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে স্বাস্থ্যবিধি অনুযায়ী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক কনস্যুলার সেবা আরও সহজ করতে অনলাইনে ডাক সেবা ও অ্যাপয়েন্টমেন্ট চালুর মতো সময়োপযোগী এবং আধুনিক পদ্ধতি গ্রহণ করে।
করোনাভাইরাস নিউ ইয়র্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুতরভাবে আঘাত হানার প্রেক্ষিতে নিউ ইয়র্কের স্থানীয় সরকার নির্দেশনা মেনে এবং জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিরবিচ্ছিন্নভাবে কনস্যুলার সেবা প্রদান অব্যাহত রেখেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কনস্যুলেটের ওয়েবসাইটের (https://www.bdcgny.org) মাধ্যমে অনলাইনে ডাক সেবা এবং শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে সশরীরে সেবা গ্রহণের লক্ষ্যে অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু করা হয়েছে।
ডাক সেবার ক্ষেত্রে বলা হয়েছে, মেশিন রিডেবল পাসপোর্ট রি-ইস্যু, নো ভিসা রিকোয়ার্ড, ভিসা, জন্ম সনদ, দ্বৈত নাগরিক সার্টিফিকেট, সত্যায়ন, সার্টিফিকেট ইত্যাদি কনস্যুলার সেবা ডাক যোগে দেওয়া হচ্ছে।
এ সেবাকে আরও সহজ, সময়োপযোগী এবং আধুনিক করতে কনস্যুলেটের ওয়েবসাইটে অনলাইন ডাক টোকেন পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে সেবা গ্রহণকারীরা সহজেই ঘরে বসে তার সেবাটি দ্রুত ও নিরাপদে ডাকযোগে নিতে পারবেন, এবং যে কোনও সময় সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কনস্যুলেটে ডাকযোগে খামটি পৌঁছানোর সাথে সাথে সেবাগ্রহণকারী ইমেইলের মাধ্যমে জানতে পারবেন। একইসঙ্গে সেবা প্রদান সম্পন্ন হলে ডাকযোগে তা প্রেরণের সময়েও সেবাগ্রহণকারী ইমেইলের মাধ্যমে জানতে পারবেন।
তবে ডাকসেবা পেতে হলে সেবা গ্রহণকারীকে কনস্যুলেট বরাবর প্রেরিত খামের ভেতরে প্রয়োজনীয় ডকুমেন্টের সঙ্গে অবশ্যই একটি ফেরৎযোগ্য খাম পাঠাতে হবে। বিস্তারিত নির্দেশনা কনস্যুলেটের ওয়েবসাইটের পেইজে পাওয়া যাবে। আবেদন করার আগে অবশ্যই কনস্যুলেটের ওয়েবসাইটে (https://www.bdcgny.org) বিস্তারিত তথ্য পড়ে নিতে অনুরোধ জানানো হয়েছে।❐



