
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট করোনা প্রতিরোধে সতর্কতার অনুরোধ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শীতকালীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অধিকতর সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
আজ এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিউ ইয়র্কে স্থানীয় সরকারের স্বাস্থ্য বিষয়ক নির্দেশনাগুলো মেনে জনস্বাস্থ্যের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিরবিচ্ছিন্নভাবে কনস্যুলার সেবাকার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জরুরী ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে, করোনা ভাইরাসজনিত কারণে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অনেক ভাইবোন প্রাণ হারিয়েছেন এবং অনেকে অসুস্থ আছেন। সম্প্রতি নিউইয়র্ক এবং পার্শ্ববর্তী অঙ্গরাজ্যসমূহে করোনাভাইরাসের অধিকতর সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের পুনরায় আক্রমণ থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে সকলকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে।
কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ভাইবোনদের শীতকালীন করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্যোর নিম্নবর্ণিত স্বাস্থ্যবিষয়ক বিধিবিধান সঠিকভাবে পালনের জন্য আবারও বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
▰ ঘরে এবং বাইরে ১০ জনের বেশী সমবেত না হওয়া (Thanksgiving-সহ যে কোন সামাজিক উৎসবে);
▰ সব অবস্থায় সামাজিক দূরত্ব মেনে চলা;
▰ সব সময় মাস্ক ব্যবহার করা;
▰ ঘন ঘন হাত ধোয়া; এবং
▰ জনসমাবেশ এড়িয়ে চলা (বিশেষত দোকানপাটসমূহে)।
জরুরী প্রয়োজনে ২১২-৫৯৯-৬৭৬ নম্বরে ফোন করতে বলা হয়েছে। (সোমবার থেকে শুক্রবার, সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত)। এছাড়া হটলাইন ৬৪৬-৬৪৫-৭২৪২ নম্বরেও যোগাযোগ করা যাবে। ই-মেইলে কনস্যুলেট জেনারেলের সঙ্গে যোগাযোগ করতে চাইলে [email protected] মেইল করতে অনুরোধ করা হয়েছে।
সকলের কল্যাণার্থে সিডিসি (সেন্টারস্ ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন) এবং নিউইয়র্ক স্থানীয় সরকার কর্তৃক আরোপিত নির্দেশনা অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ রোধে বর্ণিত স্বাস্থ্যবিধি মেনে কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে সকলের সহযোগিতা একান্ত কামনা করা হয়েছে।❐



