
নিউ জার্সিতে সুব্রত ও লাকী ডেমোক্র্যাটিক কমিটি পার্সন পদে নির্বাচিত
নিউ জার্সি সংবাদদাতা: নিউ জার্সি রাজ্যের প্রাইমারি নির্বাচনে জয়লাভ করেছেন সুব্রত ও লাকী। গত মঙ্গলবার (৪ জুন) অনুষ্ঠিত নির্বাচনে তারা আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটি পার্সন পদে জয়ী হয়েছেন।
সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত।
তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদমাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিত ও পুরস্কৃতও হয়েছেন। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি, সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ, এনএএসিপি, হিস্পানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউণ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন, আটলান্টিক সিটি স্কুল বোর্ডের নির্বাচিত সদস্য হিসাবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন, প্রথম আমেরিকান-এশিয়ান হিসাবে আটলান্টিক কাউন্টির সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদের সদস্য পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাষ্টি বোর্ডের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করছেন।
লাকি চৌধুরী আটলান্টিক সিটি গভর্নমেন্টের অধীনে মার্কেনটাইল ও লাইসেন্সিং বিভাগে কর্মরত। তিনি ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। লাকী চৌধুরী এই পদে প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন।



