আন্তর্জাতিক

নির্বাচনে ভরাডুবির দায় নিয়ে দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা ঋষি সুনাকের

ব্রিটেনের নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করে কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রী বাসভবনের সামনে নিজের পদত্যাগের ঘোষণা দেন সুনাক।

এরপর পরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এরই মধ্যে রাজা চার্লস ঋষি সুনাকের পদত্যাগ গ্রহণ করেছেন নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, ঋষি সুনাক আজ (শুক্রবার) সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ট্রেজারির প্রথম লর্ডের পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি রাজা চার্লস সদয়ভাবে গ্রহণ করছেন।

বাসভবনের সামনে বিদায়ী বক্তব্যে সুনাক বলেন, ‘সবার আগে আমি বলতে চাই, আমি দুঃখিত। আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি আপনাদের রাগ, হতাশা শুনেছি। আমি এই হারের জন্য দায় স্বীকার করছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী হতে পেরে আমি সম্মানিত। যুক্তরাজ্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ।’

ভাষণ দেওয়ার আগ মুহূর্তে সুনাক নিজের এক্স অ্যাকাউন্টে লিখেন, ‘আমি সবকিছু দিয়ে আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আপনারা (জনগণ) নিজেদের রায় দিয়েছেন। এবং এটিই গুরুত্বপূর্ণ।’

পদত্যাগপত্র জমা দেওয়ার পরপরই বাকিংহাম প্যালেস ছেড়ে চলে গেছেন ঋষি সুনাক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি।

বাংলাদেশ সময় দুপুর ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১ আসন। লিবারেলে ডেমোক্রেটিক পার্টি জয় পেয়েছে ৭১টি আসনে। এখনো ২টি আসনের ফল প্রকাশ বাকি।

যুক্তরাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের ৩২৬ আসনের প্রয়োজন। লেবার পার্টি এরই মধ্যে ৪১২ আসনে জয় নিশ্চিত করায় পতন হয়েছে ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির। কেয়ার স্টারমার হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। এরই মধ্যে পরাজয় স্বীকার করে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ঋষি সুনাক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension