
নির্বাচনে হস্তক্ষেপ: পুতিনকে জিজ্ঞাসা করবেন ট্রাম্প
রূপসী বাংলা ডেস্ক:সোমবার প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের সত্যতা সম্পর্কে পুতিনের কাছে সরাসরি জানতে চাইবেন ট্রাম্প।
বৈঠকের আগে সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট বের হওয়ায় বিষয়টি আবারও সামনে এসেছে। এ কারণে বৈঠক বাতিলের দাবি তুলেছেন দেশটির বেশকিছু রাজনীতিক ও সাধারণ মার্কিনিরা।
তবে বৈঠক হবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন নির্বাচনে নাক গলানো নিয়ে তিনি সরাসরি পুতিনকে প্রশ্ন করবেন। তার কথা, এটি নিয়ে যা হচ্ছে তা ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ‘উইচ হান্ট’।
আর মার্কিনিদের এমন দাবির বিয়ষে রাশিয়া বলছে, শীর্ষ বৈঠকের আগে পরিবেশ বিষিয়ে তুলতেই ষড়যন্ত্র-তত্ব সামনে আনা হচ্ছে। খবর বিবিসির।
সোমবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অনুষ্ঠিত হবে বিশ্বের এই দুই হেভিওয়েট নেতার বৈঠক। এ উপলক্ষে হেলসিঙ্কিতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা। দেশটিতে এখন ছুটির মৌসুম চললেও ডেকে পাঠানো হয়েছে নিরাপত্তাকর্মীদের।



