
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী নুরুল আমিন বাবু বিরাজমান করোনাভাইরাস সঙ্কটে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন। নিজ এলাকা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এলাকার অনেকের হাতে তুলে দিয়েছেন খাদ্য সহযোগিতা।

কমিউনিটি এক্টিভিস্ট ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন বাবু এর আগেও শিক্ষা ক্ষেত্রে বৃত্তি, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানে সহযোগীতা এবং দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোয় আলোচিত হয়েছেন।
এবারে নিজের এলাকা একলাশপুরের ১২’শ পরিবারের মাঝে জরুরী খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নেন নুরুল আমিন বাবু। নিউ ইয়র্কে থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবারের সদস্য এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দুঃস্থদের উপহার হিসাবে দেওয়ার ব্যবস্থা করেন।
করোনাভাইরাস সংক্রমণের ফলে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশে ঘোষিত লকডাউন না হলেও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সামাজিক দূরত্ব বজায় রাখার এ পদক্ষেপে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। সেই সঙ্গে নিম্ন আয়ের মানুষদের আয়-রোজগার অশ্চিয়তার মুখে পড়েছে।
বাজার, দোকানপাটের মতো ব্যবসা প্রতিষ্ঠানগুলো সীমাবদ্ধ সময়ের জন্যে খোলা থাকার ফলে অনেক ক্ষেত্রে নগদ অর্থ থাকলেও মানুষ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন।
নুরুল আমিন বাবু জানান, সামাজিক দায়িত্ববোধ থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন। যেহেতু সরকারের পক্ষ থেকে সবাইকে বারবার অনুরোধ করা হচ্ছে ঘরে থাকতে। করোনা সংক্রমনের থেকে বাঁচার এটি সর্বোত্তম উপায়। এই অবস্থায় অনেকেই খাবারের সংকটে পড়বেন। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে অতি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার হিসাবে নিজ এলাকার মানুষদের কাছে পৌঁছাতে চেয়েছেন।◉



