
কোমল দাস
কন মা রেগে কোন্ কারণে ঘুমাস্নে তুই রাতে
ওঠার জন্য কেন তোকে টানতে হয় প্রভাতে?
ফের যদি আর এমন করিস্ করব তোকে পেটা
সকালবেলা স্কুল আছে ক্যান ভুলে যাস সেটা?
আমি বলি, জানো মাগো এসে দুটি পরি
চোখ ধাঁধানো রূপের মাঝে জড়িয়ে আলোর জরি,
রোজই ভোরে বলে আমায় ফিসফিসিয়ে কানে
চল্ চল্ চল্ যেতেই হবে পরীর অনুষ্ঠানে।
প্রত্যেকদিন খুব সকালে হয় যে অনুষ্ঠান
তাইত রোজই স্বপ্ন ঘোরে শুনি পরীর গান,
ভাঙলেও ঘুম গানের লোভে চোখ বুজি আবার
পরীর দেশের গানগুলো মা ভীষণ চমৎকার।



