আন্তর্জাতিক

পর্তুগালে এক ব্যক্তির ১৭ বছরের ক্রীতদাসজীবন, গ্রেপ্তার ৪

৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে পর্তুগালে ১৭ বছর আটক করে রাখা হয়। দেশটির উত্তরাঞ্চলীয় ব্রাগাংকায় তাঁকে ক্রীতদাসের জীবনযাপনে বাধ্য করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পর্তুগালের পুলিশ বুধবার এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করে একটি বিবৃতিতে বলে, আটকে রাখা ব্যক্তিকে গুরুতর মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়েছে। এ ছাড়া এত বছর ধরে তিনি শ্রম নির্যাতনেরও শিকার হন।

অভিযুক্ত চারজন এই ব্যক্তিকে অন্যান্য খামারে কাজ করতে ‘ভাড়ায়’ খাটাতেন।

দুই দশক ধরে নির্যাতন
আটক ব্যক্তির মানসিক দুর্বলতা রয়েছে এবং তাঁর পরিবারেও কেউ নেই। দুই দশক ধরে কাজ করানো হলেও বিনিময়ে তাঁকে কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি। তাঁর চলাফেরার ওপরেও ছিল অভিযুক্তদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।

তাঁর সব কাগজপত্র ও গুরুত্বপূর্ণ নথিও রাখা ছিল অভিযুক্তদের কাছেই, জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, ‘তিনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকতেন, রাত কাটাতেন একটি ভ্যানে…জীবনযাপনের ন্যূনতম মান ছাড়া, স্বাস্থ্য পরিষেবা ছাড়া, খারাপ খাবার খেয়ে। তিনি একটি গুরুতর দুর্ঘটনার শিকার হওয়ার পরেও অভিযুক্তরা তাঁর কোনো দিন চিকিৎসা করায়নি।’

দীর্ঘ দিন ধরে চলা অত্যাচারের ফলে আটক থাকা ব্যক্তির চলাফেরার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোনো মতে তিনি সেখান থেকে পালিয়ে যান এবং এখন বিশেষ চিকিৎসা পাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযুক্তরা কোন দেশের নাগরিক, তা জানায়নি পুলিশ। তাদের সবারঅই বয়স ৩৭ থেকে ৪৪ বছর। গ্রেপ্তারের পর মানবপাচার, দাসত্ব ও জালিয়াতির দায়ে তাঁদের জেরা করা হবে বিচারকের সামনে।

পর্তুগালে মানবপাচারের ঘটনা
এদিকে পর্তুগালে, বিশেষ করে দেশটির কৃষিখাতে, বাড়ছে মানবপাচার ও শ্রমিক নির্যাতনের ঘটনা।

বিনা পারিশ্রমিকে বিভিন্ন খামারে গরিব অভিবাসীদের কাজ করানোর ঘটনাও সামনে এসেছে সাম্প্রতিক সময়ে।

গত বছর নভেম্বরে পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় আলেনতেহোর কয়েক শ খামারে অভিযান চালায় পুলিশ। মানবপাচার ও শ্রমিক নির্যাতনের দায়ে গ্রেপ্তার হন ২৮ জন।

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে পর্তুগিজ কর্তৃপক্ষ মোট এক হাজার ১৫২ জনকে মানবপাচারের শিকার হিসেবে চিহ্নিত করেছে বলে ২০২২ সালের জুন মাসে জানায় কাউন্সিল অব ইউরোপ। সেই সময় সংস্থাটি আরো জানায়, যতজন মানবপাচারের শিকারকে চিহ্নিত করা গেছে, সেই তুলনায় পর্তুগালে তদন্ত, বিচার ও শাস্তির সংখ্যা কম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension