
পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্কে আরো একজনের মৃত্যু
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতে আসাম রাজ্যের পর পশ্চিমবঙ্গেও নাগরিক তালিকা (এনআরসি) করার হুমকি দিচ্ছেন মোদির দল বিজেপি নেতারা। এ অবস্থায় এনআরসি আতঙ্কে রাজ্যে জুড়ে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার এ ঘটনায় পূর্ব বর্ধমান জেলায় আরো এক ব্যক্তি মারা গেছেন।
মৃতের নাম কমল ঘোষ, বয়স ৪২। তিনি ছিলেন জেলার জামালপুর থানার জৌগ্রাম চ্যাঙ্গাবেড়িয়া গ্রামের বাসিন্দা।
মৃতের পরিবার দাবি করেছে, বেশ কিছুদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন দিনমজুর কমল ঘোষ। এ নিয়ে তিনি প্রতিবেশীদেরও কাছেওে একাধিকবার নিজের ভয়ের কথা প্রকাশ করেছিলেন। ওই আতঙ্ক থেকেই শুক্রবার দুপুর ৩টার দিকে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন। অল্প সময় পরেই তিনি মারা যান।
তবে তার মৃত্যুর ব্যাপারে এখনও মুখ খোলেনি প্রশাসন।
সম্প্রতি ক্ষমতাসীন দল বিজেপি নেতারা পশ্চিবঙ্গে এনআরসি হবেই বলে অব্যাহতভাবে হুমকি দিয়ে চলেছেন। গত ১১ সেপ্টেম্বর ওই রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জোর দিয়ে বলেন, ‘আসাম স্টাইলে পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এতে প্রায় দু’কোটি মানুষ বাদ যাবে।’
এর মাত্র একদিন আগে কলকাতা সফরের সময় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেই’বলে হুমকি দিয়েছিলেন।
প্রসঙ্গত, গত ৩১ আগস্ট আসামের বহুল আলোচিত এনআরসি’র চূড়ান্ত তালিকা প্রকাশ হয়। নতুন এই তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছেন। আর বাদ পড়েছেন ১৯ লাখের বেশি মানুষ, যাদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। এ নিয়ে আতঙ্কিত তালিকার বাইরে থাকা মানুষেরা।



