
পাঁচ উইকেট তুলেই কোহলির সংসারে ডাক পেলেন তরুণ তুর্কি
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক :ঘরোয়া ক্রিকেটে মিষ্ট্রি স্পিনার বলা হয় তাঁকে৷ গত মরশুমে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের তারকাদের মাঝে নিজের একটা জায়গা করে নিয়েছিলেন(১৫ উইকেট তুলে নিয়ে) বছর একুশের ক্রিকেটার৷ এবার পাঁচ উইকেট তুলে নেওয়ার দিনে সরাসরি জাতীয় দলে ডাক পেলেন তরুণ তুর্কি৷ স্বপ্নের রানওয়েতে ফ্লাইট টেক অফ করার অপক্ষায় মুম্বই ইন্ডিয়ান্সে খেলা মায়াঙ্ক মাকার্ন্ডে৷
শুক্রবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে স্পিন মায়াজালে পাঁচ উইকেট তুলে নিয়েছেন৷ সেই সুবাদেই ইনিংস ও ৬৮ রানে ইংল্যান্ড লায়ন্সকে দ্বিতীয় বেসরকারি টেস্টে হারাল ভারতীয় এ দল৷ খবরের শিরোনাম জুড়ে এখন তরুণ স্পিনার৷ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ইনিংসে উইকেটের ঝুলি শূন্য থাকলেও দ্বিতীয় ইনিংসে ভরিয়ে দেন মায়াঙ্ক৷ ১০.৩ ওভার হাত ঘুরিয়ে ৩১ রান খরচ করে একটি মেডেনসহ পাঁচ উইকেট শিকার লেগস্পিনার মার্কান্ডের৷
স্পিন মায়াজালে এমন ভেল্কি দেখানোর দিনেই জাতীয় দলের ডাকও এসে গেল হাতে নাতে৷ শুক্রবার ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণার কথা ছিল৷ নির্বাচকদের ঘোষিত দলে অজিদের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নাম রয়েছে মায়াঙ্কের৷ সামনে ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ৷ সেই বিশ্বকাপে স্পিন জুটি কুলদীপ-চাহালেই ভরসা রাখছেন নির্বাচকরা৷ তবে মায়াঙ্ককে কোহলির সংসারে নিয়ে এসে ভবিষ্যতের স্পিনার খোঁজার কাজটাও চালু রাখলেন এম এস কে অ্যান্ড কোং৷ বছর ঘুরতেই অস্ট্রলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ মায়াঙ্ক যে সেই বিশ্বকাপ ভাবনায় রয়েছেন অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে সুযোগ দিয়ে সেটাই বুঝিয়ে দিলেন নির্বাচকরা৷
জাতীয় দলে সুযোগ পাওয়ার নিয়ে মায়াঙ্ক এদিন বলেন, ‘দেশের জার্সি গায়ে চাপানোটা প্রত্যেক ক্রিকেটারের কাছেই স্বপ্নের মতো৷ আমার ক্ষেত্রে এটা অনেক তাড়াতাড়িই এসেছে৷এত দ্রুত দেশের জার্সিতে ডাক পাব বলে আশা করিনি৷ অান্তর্জাতিক ক্রিকেট আঙিনায় পা রাখার সুযোগটা এত তাড়াতাড়ি এসে পড়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছি৷’
একনজরে মায়াঙ্ক মার্কান্ডে-
২০১৮-আইপিএল অভিষেকে উইকেট সংখ্যা-১৫(১৪ ম্যাচে),
এখনও পর্যন্ত ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ ও ২২টি লিস্ট এ ম্যাচ খেলেছেন মার্কান্ডে৷



