প্রধান খবরভারত

পাঁচ রাজ্যের ভোট বিজেপির চেয়ে রাহুলের কাছে বেশি গুরুত্বপূর্ণ

 রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুজোর মরশুম শেষ হলেই শুরু হবে গণতন্ত্রের উৎসব৷ আগামী বছর লোকসভা নির্বাচনের আগে যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জাতীয় রাজনীতির ক্ষেত্রে৷ গো-বলয়ের তিন রাজ্য, দক্ষিণের একটি ও উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্যের বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে৷ হয়ে গিয়েছে দিন ঘোষণা৷ চলছে প্রচার পর্ব৷ প্রার্থী বাছাইয়ের প্রস্তুতি৷

জাতীয় রাজনীতির প্রধান দুই শক্তি, বিজেপি ও কংগ্রেস মরিয়া হয়ে লড়াই শুরু করে দিয়েছে৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শুরু করে দিয়েছেন প্রচার৷ পিছিয়ে নেই বিজেপির স্টার ক্যাম্পেনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রয়েছেন অন্যরাও৷ চলছে প্রতিশ্রুতি, পালটা প্রতিশ্রুতির বন্যা৷ অভিযোগ, পালটা অভিযোগের তিরও শানানো হচ্ছে প্রতিনিয়ত৷

কিন্তু প্রশ্ন উঠছে, শেষ হাসি কে হাসবে? রাহুল, না মোদী? এই ভোটের ফল কোন দলের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে? রাহুলের দল, না মোদীর দল?

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তর খুঁজতে গিয়ে সামনে আসছে একাধিক কারণ৷ যেখানে বারবার সামনে আসছে কংগ্রেস ও রাহুল গান্ধী৷ এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল মোদী ও বিজেপির উপর যতটা ফেলবে৷ তার থেকেও বেশি ফেলবে রাহুল ব্রিগেডের উপর৷ তাই এই নির্বাচন কংগ্রেস ও রাহুল গান্ধীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ৷

কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, তার মধ্যে শুধু মিজোরামেই কংগ্রেস ক্ষমতায় রয়েছে৷ বাকি রাজ্যগুলির মধ্যে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে গত তিন বছর ধরে ক্ষমতার বৃত্তের বাইরে কংগ্রেস৷ রাজস্থানে একবার ক্ষমতায় থাকলে পরেরবার হারতে হয় তাদের৷ তেলেঙ্গানায় কখনও ক্ষমতায় আসেনি কংগ্রেস৷

ফলে এই পাঁচ রাজ্যে ভালো ফল কংগ্রেসের জন্য লোকসভা নির্বাচনের জন্য ইতিবাচক হতে পারে৷ বলা যেতে পারে পাঁচ রাজ্যে ভালো ফল জাতীয় রাজনীতিতে কংগ্রেসের কামব্যাক হিসেবেই ধরা হবে৷

এখন রাজ্যওয়াড়ি হিসেব যদি ধরা যায়, তাতে পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র রাজস্থানেই একটু ভালো অবস্থায় রয়েছে কংগ্রেস৷ কারণ, প্রথমত, প্রতিবারই রাজস্থানে প্রতিষ্ঠান বিরোধিতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷ তাই পাঁচ বছর অন্তর সেখানে সরকার বদলে যায়৷

এবারও সেই সম্ভাবনা প্রবল মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷ কারণ, তাঁদের মতে, বিজেপির মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার জনপ্রিয়তা তলানিতে৷ মোদী-ম্যাজিকে তিনি বৈতরণী পার করার চেষ্টা করছেন৷ অন্যদিকে কংগ্রেসের প্রদেশ সভাপতি শচীন পাইলট৷ তিনিই এখানে রাহুল গান্ধীর প্রধান ভরসা৷

মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে পরিস্থিতি একেবারে আলাদা৷ সেখানে কংগ্রেস এখনও ব্যাকফুটে৷ রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সেই কারণেই মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারি, কৃষক বিক্ষোভের মতো ইস্যু থাকা সত্ত্বেও রাহুলকে ‘হিন্দু’ হিসেবে প্রজেক্ট করতে হচ্ছে কংগ্রেসকে৷ তাছাড়া ওই রাজ্যে কংগ্রেসের নেতৃত্বের সংকটও রয়েছে৷ ছত্তিশগড়েও একই অবস্থা৷

তার উপর এই রাজ্যগুলিতে কংগ্রেস সেভাবে মহাগঠবন্ধন তৈরি করতে পারছে না৷ মায়াবতী আগেই সরে গিয়েছেন৷ হাত ছেড়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদবও৷ এই পরিস্থিতিতে একলা লড়ে কতটা কি কংগ্রেস করতে পারবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশেষজ্ঞরাই৷

অন্যদিকে তেলেঙ্গানায় কংগ্রেস গোড়া থেকেই ব্যাকফুটে৷ সেখানে টিআরএস কড়া চ্যালেঞ্জ দিচ্ছে৷ আপাতত তেলেগু দেশমের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে টিম রাহুল৷ আর মিজোরামে কংগ্রেসের দু’বারের সরকার রয়েছে৷ সেখানে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে৷ সেই হাওয়া রুখে কংগ্রেসকে লড়াই করতে হবে৷

রাজনৈতিক মহলের মতে, সেই লড়াইয়ে কংগ্রেস পাঁচ রাজ্য থেকেই অ্যাডভান্টেজ পেলে লোকসভা ভোটের আগে পরিস্থিতি ভালো হবে৷ না হলে শুধু রাজস্থানের ভালো ফল নিয়ে রাহুলের পক্ষে লোকসভার লড়াইয়ে মোদীকে চ্যালেঞ্জ করা বেশ কঠিন হবে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension