
পাকিস্তান বিরোধী মিছিলে হামলার প্রতিবাদ জম্মু জুড়ে
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পুলওয়ামা হামলার পর নিন্দায় সরব শাসক থেকে বিরোধী৷ গোটা দেশ এখন বদলা চাইছে৷ সেই সুরই যেন গর্জে উঠল জম্মুতে৷ পাকিস্তান বিরোধী বিশাল একটি মিছিল বের হল জম্মুর রাস্তায়৷ চলল মোমবাতি মিছিল৷ আওয়াজ উঠল পাক সন্ত্রাসের বিরুদ্ধে, পাক মদতপুষ্ট জঙ্গিহামলার বিরুদ্ধে৷
কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস রফতানি করছে পাকিস্তান৷ এমনই অভিযোগ উঠল মিছিল থেকে৷ পুলওয়ামার হামলায় ইতিমধ্যেই ৪২ জন জওয়ানের মৃত্যু হয়েছে৷ জম্মুর বিভিন্ন রাস্তায় সেই সব শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিক্রমা করে মিছিল৷ জুয়েল চক, পুরানি মাণ্ডি, রেহারি, জানিপুর, গান্ধীনগর, বকসি নগর, মুথি, তালাও তিল্লো ও সাতওয়ারি এলাকা ঘুরে মিছিল চলে৷
এই মিছিলে ছিল মূলত বজরং দল, শিব সেনা ও ডোগরা ফ্রন্টের সদস্য সমর্থকরা৷ ইতিমধ্যেই জম্মু কাশ্মীর হাই কোর্ট বার অ্যাসোসিয়েশান কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে৷ হাইকোর্ট ও বিভিন্ন ট্রাইবুনাল আজ বন্ধ থাকবে এই হামলার প্রতিবাদে৷ বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার কড়া নিন্দা করেছে৷
আজ জম্মু জুড়ে হামলার প্রতিবাদে বনধ ডাকা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে৷ এই হামলার কড়া জবাব দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ করে বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক, যাতে এই ঘটনার যথা যোগ্য জবাব তারা দিতে পারে৷ গোটা রাজ্য জুড়ে বজরং দল আজ প্রতিবাদ কর্মসূচি রেখেছে বলে খবর৷



