
পারলো না টাইগাররা
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক :শুক্রবার বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভার পেরোতেই চলতি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায়। তবে ম্যাচ জিতেই ২০১৯ বিশ্বকাপের শেষটা স্মরণীয় রাখতে চেয়েছিলেন সরফরাজ ব্রিগেড। শাহিন আফ্রিদির দাপুটে পেস আক্রমণে বাংলাদেশকে দুরমুশ করে জিতেই বিশ্বকাপ অভিযান শেষ করল পাকিস্তান।
বাঁ-হাতি পেসারের ৩৫ রানে ৬ উইকেটে বাংলাদেশকে ৯৪ রানে পরাজিত করল তাঁরা। ৩১৬ রান তাড়া করতে নেমে ২২১ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশ ইনিংস। কনিষ্ঠ বোলার হিসেবে বিশ্বকাপের মঞ্চে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন শাহিন আফ্রিদি।
টস হারলেই বিদায় নিশ্চিত। এমন অবস্থায় লর্ডসে এদিন টস জিতে সেমিফাইনালে যাওয়ার প্রশ্নে লাইফলাইন পায় পাকিস্তান। টস জিতে সরফরাজ বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের কাছে হারটা অত্যন্ত হতাশার। নইলে বাকি টুর্নামেন্টে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ক্ষীণ একটা সুযোগ রয়েছে। তার জন্য আমার প্রচুর রান করতে হবে। বড় ব্যবধানে জিততে হবে। সেমিফাইনালের দরজা খুলক না খুলুক, আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাই।’
তবে টস জিতলেও শুরুটা এদিন ভালো হয়নি পাকিস্তানের। মন্থর ব্যাটিংয়ের পাশাপাশি অষ্টম ওভারেই ফকর জামানের উইকেট হারায় তাঁরা। দ্বিতীয় উইকেটে অবশ্য ইমাম-উল হক ও বাবর আজমের ১৫৭ রানে পার্টনারশিপে ম্যাচে ফেরে ‘মেন ইন গ্রিন’। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় বাবরের। ব্যক্তিগত ৯৬ রানে ড্রেসিংরুমে ফেরেন পাকিস্তানের তিন নম্বর ব্যাটসম্যান। এর পর তৃতীয় উইকেটে মহম্মদ হাফিজের সঙ্গে ৬৬ রান যোগ করেন ইমাম। এরপর সেঞ্চুরি করে হিট-উইকেট হয়ে ড্রেসিংরুমে ফেরেন তিনি। চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে হিট-উইকেট হন পাক ওপেনার।
১০০ বলে ১০০ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন ইমাম৷ এরপর মিডল-অর্ডার ধস নামে। ফলে কোনও বড় পার্টনারশিপ তৈরি হয়নি৷ হাফিজ ব্যক্তিগত ২৭ এবং ইমাদ ওয়াসিম ২৬ বলে ৪৩ রানের ফলে তিনশোর গণ্ডি টপকায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১৫ রান তোলে সরফরাজ অ্যান্ড কোং। বাংলাদেশের হয়ে ৭৫ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ৩টি উইকেট নেন সইফুদ্দিন।
সেমিফাইনালে পৌঁছতে হলে বাংলাদেশকে অল-আউট করতে হবে মাত্র ৭ ওভারের মধ্যে। এমন অবস্থায় ৭ ওভারে বাংলাদেশের মাত্র ১টি উইকেট ফেলতেই সমর্থ হন পাক বোলাররা। বিদায় নিশ্চিত হলেও বাংলাদেশ ব্যাটসম্যানদের এদিন ভয়ঙ্কর হওয়ার সুযোগ দেননি পাক বোলাররা। ব্যতিক্রম গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে অনবদ্য শাকিব আল হাসান।
মূলত তাঁর ৬৪ রানের সৌজন্যেই ২০০ রানের গন্ডি পেরোতে সমর্থ হয় বাংলাদেশ। সাকিবের ইনিংস বাদ দিলে শাহিন আফ্রিদির বিধ্বংসী স্পেলের সামনে এদিন কার্যত ধসে যায় বাংলাদেশ ব্যাটিং লাইন আপ। ৬৪ রান করার সঙ্গে সঙ্গে এদিন টুর্নামেন্টে ৬০০ রানের গন্ডি টপকে যান শাকিব। আপাতত ব্যাট হাতে টুর্নামেন্টে সর্বোচ্চ রান (৬০৬) তাঁরই ঝুলিতে।
মিডল অর্ডারে লিটন দাস ৩২ ও মাহমুদুল্লাহ ২৯ রানের ইনিংস খেললেও তা জয়ের জন্য একেবারেই পর্যাপ্ত ছিল না। শেষমেষ আফ্রিদি ম্যাজিকে ৪৪.১ বলে ২২১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ২টি উইকেট পান শাদাব খান। একটি করে উইকএট নেন মহম্মদ আমের ও ওয়াহাব রিয়াজ। ম্যাচের সেরা শাহিন আফ্রিদি।



