আন্তর্জাতিকপ্রধান খবর

পার্কিং লটে চলল গুলি, মৃত দুই বালক

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক স্কুলে গুলি চালনার ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে আমেরিকায়। পর পর এই বন্দুকবাজের হানায় মারা যায় বেশ কয়েকজন খুদে পড়ুয়া। এবার আবারও বন্দুকবাজের নিশানা হল সেই শিশুরাই।

গত শনিবার দুই বালকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এক জনের বয়স ১১, অন্য জনের ১৪। সান ফ্রান্সিসকোর কাছে সৈকত এলাকায় ‘ইউনিয়ন সিটি’র একটি প্রাথমিক স্কুলের পার্কিং লটে ভ্যানের ভিতর থেকে রক্তাক্ত শরীরে গুলির ক্ষত, এই ভাবেই উদ্ধার করা হয় দুই বালককে। এক জন ঘটনাস্থলেই মারা যায়। অন্য জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। অল্প জায়গা জুড়ে জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত স্কুলটি।

শনিবার রাত দেড়টা নাগাদ ঘুমে আচ্ছন্ন বাসিন্দারা। হঠাৎই পরপর একটানা গুলির আওয়াজে কেঁপে ওঠে চারপাশ। গুলির শব্দ পেয়েই ৯১১ (আপৎকালীন ফোন নম্বর)-এ ফোন করতে থাকেন আতঙ্কিত স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থলে এসে স্কুলের পার্কিং লটে ভ্যানটির মধ্যে ছেলে দু’টিকে উদ্ধার করে।
ওই এলাকার বাসিন্দা গিগি এরিকসন স্থানীয় একটি সংবাদ সংস্থাকে জানান, গুলির শব্দে তাঁর ঘুম ভেঙে গিয়েছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হঠাৎ রাতের নিস্তব্ধতা খান খান করে গুলির আওয়াজ শুনতে পেলাম। একটানা গুলির আওয়াজ। মনে হচ্ছিল মেশিনগান চলছে। বুঝতে পারছেন তো কেমন একটানা।’ ছেলে দু’টির দেহ পাওয়ার কথা শুনে বিস্মিত স্থানীয় ওই মহিলা।

তিনি বলেন, ‘অত রাতে ওরা ওখানে কী করছিল! ভেবেই বুক কেঁপে উঠছে, না জানি ওদের সঙ্গে কী হয়েছে।’
অত রাতে ওই দুইজন পার্কিং লটে কী করছিল সে বিষয়ে পুলিশ এখনও সন্দিহান। ছেলে দু’টি ওই ভ্যানের মধ্যে কী করছিল, তাদের সঙ্গে কোনও বড় কেউ ছিল কি না, থাকলে তিনি কোথায় গেলেন। একের পর এক এমন বহু প্রশ্নের উত্তর হাতড়াচ্ছে পুলিশ। তদন্তের স্বার্থের দুই বালকের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অন্যদিকে অপরাধী কারা, তারা পায়ে হেঁটে এসেছিল নাকি গাড়িতে, এমন অনেক প্রশ্নের উত্তর খুঁজতে সূত্রের সন্ধান করছে পুলিশ। তারা জানিয়েছে, মোটামুটি এই এলাকাটি শান্তিপ্রিয়।

মূল সান ফ্রান্সিসকো শহর থেকে আধ ঘণ্টার দূরত্বে অবস্থিত ‘ইউনিয়ন সিটি’। আনুমানিক প্রায় ৭৫ হাজার লোকের বাস এই শহরে।

প্রশাসনের কাছে থাকা অপরাধের রেকর্ড অনুযায়ী, ২০১৬ সাল পর্যন্ত এখানে গড়ে বছরে খুনের সংখ্যা এক। এমন নিরুপদ্রব এলাকায় শনিবার গভীর রাতে টানা ১৫-২০ রাউন্ড গুলি! শুধু তা-ই নয়। তিন দিন আগেই, বুধবার খুব ভোরে ওই স্কুল এলাকা থেকে আধ-মাইল দূরে একটি অঞ্চলে গুলি চলেছিল। সেখানে অবশ্য কেউ হতাহত হননি। কিন্তু এই দু’টো ঘটনার মধ্যে কোন যোগসূত্র আছে কি না দেখছে পুলিশ। হন্যে হয়ে চলেছে সূত্র খোঁজার কাজ।

‘দ্য নিউ হ্যাভেন ইউনিফায়েড স্কুল ডিসট্রিক্ট’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত এক বালক তাদের স্কুলের পড়ুয়া। বয়সে বড় জন আগে ওই স্কুলে পড়ত। স্কুল ডিসটিক্ট্রের সুপারিন্টেনডেন্ট জন টমসন জানিয়েছেন, স্কুলের সব পড়ুয়া ও কর্মীদের পাশে রয়েছেন তাঁরা। তদন্তে সব রকম ভাবে সাহায্য করছেন শহরের পুলিশকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension