
প্রবল ভূমিকম্প! আছড়ে পড়ল সুনামি…তাও কীভাবে এত মানুষ রক্ষা পেলেন?
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক : তিন ঘন্টা আগে অপেক্ষাকৃত ছোট আরেকটি ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে যাওয়ায় সুলাওয়েসি দ্বীপের ভয়াবহ ভূমিকম্পের উপকেন্দ্র এলাকার অনেক গ্রামবাসীই মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছেন। ২৮ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে হওয়া ৭ দশমিক ৫ মাত্রার ওই ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামির তাণ্ডবে ইন্দোনেশিয়ার এই দ্বীপটিতে নিহতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়ে গিয়েছে। জোড়া এই প্রাকৃতিক দুর্যোগে সুলাওয়েসির পালু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।
পালু থেকে ৭৪ কিলোমিটার উত্তরে উপকূলীয় সিরেনজা জেলায় ভয়াবহ এ ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। এই এলাকায় পৌঁছানোর একমাত্র সড়কটি ভূমিকম্পের সময় ভূমিধসে চাপা পড়ায় প্রায় এক সপ্তাহ যাবৎ এলাকাটি বিচ্ছিন্ন ছিল। যদিও এখন ওই রাস্তাটি আবার চলাচলের উপযোগী করা হয়েছে। কয়েকটি গ্রামে ত্রাণ পাঠানো শুরু হয়েছে। যোগাযোগ শুরু হওয়ার পর এলাকাটির পরিস্থিতি নিয়ে উদ্ধারকারীদের মধ্যে যে শঙ্কা ছিল তা দূর হয়েছে।
ভয়াবহ ভূমিকম্পে এই এলাকাটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু অধিকাংশ মানুষই প্রাণে বেঁচে গেছেন। ভয়াবহ ভূমিকম্পের তিন ঘন্টা আগে আরেকটি শক্তিশালী ভূমিকম্প এদের বাঁচিয়ে দিয়েছে। সিরেনজার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে ৬ দশমিক ১ মাত্রার ওই শক্তিশালী ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল। তিন ঘন্টা আগের এই ভূমিকম্পটির সঙ্গে সঙ্গেই এলাকাটির অধিকাংশ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়ে গিয়েছিল, তারপর দীর্ঘ সময় খোলা জায়গায় থাকার কারণেই তারা বেঁচে যান।



