
প্রার্থী তালিকা প্রকাশ সমাজবাদী পার্টি! দেখে নিন কে কোন সিটে লড়ছেন?
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: যে কোনও দিনই নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে৷ আগামিকাল থেকে মঙ্গলবারের মধ্য তা ঘোষণা হয়ে যেতে পারে বলে বিভিন্ন সূত্রে খবর৷ সূত্রের খবর এবার সাত অথবা আট দফায় ভোট হবে এপ্রিল-মে মাসে৷ এই দিনক্ষণ ঘোষণা করার পর নির্বাচনের পর্যবেক্ষকদের বৈঠক হবে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের জন্য৷ এপ্রিলের প্রথম দিকের ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি হবে মার্চের শেষদিকে৷
একদিকে যখন ভোটের দিনক্ষণ ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে অন্যদিকে তখন প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে কার্যত সমস্ত রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে দেয় কংগ্রেস। এরপরেই দ্বিতীয় স্থান দখল করে দিল সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশের ছটি লোকসভা কেন্দ্রের জন্যে প্রার্থী তালিকা প্রকাশ করল অখিলেশ যাদবের দল।

প্রথম ছটি তালিকায় রয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা মুলায়ম সিং যাদবের নাম। প্রত্যাশিতভাবে তাঁকে মইনপুরি কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। এই কেন্দ্র থেকে আগেও নির্বাচিত হয়েছেন। তালিকায় স্পষ্ট হয়েছে যাদবদের পারিবারিক রাজনীতির বিষয়টি। মুলায়মের ভাই রামগোপাল যাদবের পুত্ররা দাঁড়াচ্ছেন ফিরোজাবাদ এবং বাদায়ু থেকে।
উত্তরপ্রদেশ ভারতের সবথেকে বড় লোকসভা আসনের রাজ্য। এই রাজ্যের ৮০টি লোকসভা কেন্দ্র রয়েছে। গত নির্বাচনে যার বেশিরভাগই গিয়েছিল বিজেপি এবং সহযোগীদের দখলে। কিন্তু ২০১৪ পরবর্তী একাধিক উপনির্বাচনে উত্তরপ্রদেশে বেশ কয়েকটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির। রাজ্যে তারাই ক্ষমতায়। এদিকে হিন্দি বলয়ে অপর প্রধান দল বহুজন সমাজ পার্টি হাত মিলিয়েছে সমাজবাদী পার্টির সঙ্গে। ফলে নির্বাচনী আসন সমঝোতায় বিরোধী জোট বড়সড় ভোট ব্যাংক নিয়েই হাজির হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যদিও কংগ্রেস এই জোটে এখনও নেই। বিশ্লেষকদের ধারনা নির্বাচনের আগে এই সমীকরণ পাল্টানোর সম্ভাবনা প্রবল।



