ভারত

প্রিয়াঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ

ভারতে গান্ধী পরিবারের ওপর থেকে স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটিগরির নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছে অনেক আগেই। এবার দিল্লির সরকারি বাংলো ছাড়তে নোটিশ দেওয়া হয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে।

আগামী ১ আগস্টের মধ্যে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে তাকে। নইলে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। খবর এনডিটিভির

এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোধি রোডের সরকারি বাংলোটি পান প্রিয়াঙ্কা। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, ১ জুলাই থেকে তার নামে বরাদ্দ এই বাংলো বাতিল করা হয়েছে এবং বকেয়া হিসেবে ৩ লাখ ৬৪ হাজার টাকা প্রাপ্য।

নোটিশে জানানো হয়, লোধি এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়াঙ্কাকে যে হেতু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে।

তবে নোটিশে বলা হয়েছে, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই নোটিশ পুনর্বিবেচনা হতে পারে।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাকে দেওয়া এসপিজি ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। তারা এখন বিশেষ সিআরপিএফ নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত। ⛘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension