
ফিলিস্তিনিদের ওপর দমন দ. আফ্রিকার বর্ণবৈষম্যের চেয়েও ভয়াবহ: মান্ডলা ম্যান্ডেলা
ইসরাইলি দখলের অধীনে ফিলিস্তিনিদের যে দমন-নিপীড়নের শিকার হতে হচ্ছে, তা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বর্ণবৈষম্যের সময়কার অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ। এমন মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বুধবার একটি সাক্ষাৎকার দেন। এতে ৫১ বছর বয়সী ম্যান্ডেলা বলেন, আমাদের অনেকেই যখন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সফর করে ফিরেছি, তখন একটাই সিদ্ধান্তে উপনীত হয়েছি: ফিলিস্তিনিরা এমন এক ভয়াবহ বর্ণবাদী দমন-নিপীড়নের মধ্যে রয়েছে, যা আমরা দক্ষিণ আফ্রিকায় কখনোই প্রত্যক্ষ করিনি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, যেমনভাবে বিশ্ব সম্প্রদায় আমাদের পাশে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবেই ফিলিস্তিনিদের পাশেও দাঁড়াতে হবে। এই মন্তব্যের পরপরই মান্ডলা ম্যান্ডেলা তিউনিসিয়ার উদ্দেশে রওনা হন। সেখানে তিনি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দেবেন। এই বহরে রয়েছে ডজনখানেক বোট ও ৪৪টি দেশের শত শত মানুষ। এর লক্ষ্য গাজার মানুষের কাছে খাদ্য ও মানবিক সহায়তা পৌঁছে দেয়া। তিনি ১০ জন দক্ষিণ আফ্রিকান কর্মীর একজন। তারা এ মিশনে অংশ নিচ্ছেন। বহরের যাত্রীদের মধ্যে রয়েছেন সুইডিশ জলবায়ু বিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গও। দক্ষিণ আফ্রিকার শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বলেছে, এই ফ্লোটিলার মিশন তাদের নিজেদের মুক্তিসংগ্রামের প্রতিধ্বনি বহন করে।



